দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া জিম্বাবয়ের বিরুদ্ধে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি সূর্যকুমার যাদবদের জন্য। পাশাপাশি, এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দলের ক্রিকেটপ্রেমীদের, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন অপেক্ষায় রয়েছেন বল গড়ানোর।
এমন পরিস্থিতিতে গৌতম গম্ভীরের ছেলেদের বড় পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ অনিল কুম্বলে। বলা যায়, তাঁদের সতর্ক করলেন। কী বক্তব্য প্রাক্তন তারকার? তাঁর মতে, জিম্বাবয়েকে হালকায় দিলে ভুল করবে টিম ইন্ডিয়া। এই বিষয়ে তিনি মনে করিয়ে দিলেন যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবয়ে গ্রুপ পর্বে কেমন পারফর্ম করেছে। শুধু তাই নয়, দলের কোন ক্রিকেটার কেমন পারফর্ম করছেন, তাও মনে করিয়ে দেন কুম্বলে।
অনিল কুম্বলে বলেন, “জিম্বাবয়ে যে আগ্রাসী ক্রিকেট খেলছে, তার বিরুদ্ধে ভারতকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। ওরা ভারতের কাছে শক্ত প্রতিপক্ষ এবং সেটা সম্মান করতে হবে। ওটা দারুন পারফর্ম করেছে এই টুর্নামেন্টে। শ্রীলংকার মাটিতে ওরা শ্রীলঙ্কাকে হারিয়েছে। অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।” তাঁর সংযোজন, “ওদের উপরের ৪ জন ব্যাটার দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়া বল হাতে দারুন পারফর্ম করছেন ব্লেসিং মুজারাব্বানি এবং ব্র্যাড এভান্স। বিশেষ করে ওদের মোকাবিলা করতে হবে পাওয়ারপ্লেতে।”
‘মেন ইন ব্লু’কে সতর্ক করে প্রাক্তন তারকা বলেন, “যদি ওদের হালকাভাবে নেয় ভারত, তাহলে ভুল হবে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওদের একজন প্লেয়ার।” কুম্বলের পরামর্শ, “কোন পরীক্ষা চলে না টি-টোয়েন্টি বিশ্বকাপে। সকল ক্রিকেটারকে ভালো খেলা তুলে ধরতে হবে।” এবার দেখার বিষয় যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন আজকের ম্যাচে। তারা কি পরাজিত করতে পারবে জিম্বাবয়েকে নাকি ফের অঘটন ঘটাবে জিম্বাবয়ে? এই জাতীয় একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেট মহলে।



By













