নিউজ ডেস্ক: “পুরোপুরি বাজের (ব্রেন্ডন ম্যাকালাম) উপর” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচে সেরা হয়ে এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। কী বক্তব্য তাঁর? তিনি বলেন যে বাজ সকালে তাঁর কাছে আসেন এবং তিন নম্বরে ব্যাট করার কথা বলেন। পাশাপাশি, নিজের ইনিংস নিয়েও অবস্থান জানান হ্যারি। তাঁর বক্তব্য, সেই পজিশনে নেমে অনেকগুলি বল খেলে ভালো লেগেছে।
হ্যারি ব্রুক বলেন, “পুরোপুরি বাজের (ব্রেন্ডন ম্যাকালাম) উপর। উনি সকালে আমার কাছে আসেন এবং আমাকে বলেন যে আজ কোন পরিবর্তন করা হতে পারে এবং আমাকে তিন নম্বরে ব্যাট করতে হতে পারে। এছাড়া আমাদের মধ্যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে বিভিন্ন চেঞ্জের কথা হয় এবং সাহস রেখে তা করে দেখানোর অনুভূতিটা দারুন।” নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “বেশি মারিনি আজ। তবে ভালো লেগেছে এই পজিশনে নেমে বেশি বল খেলতে।”
প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। তবে শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি। চার ওভারের মধ্যে দুটি উইকেট হারায় তারা। পরে পরপর দুটি পার্টনারশিপ হলেও এরপর থেকে দ্রুত উইকেট পড়তে শুরু করে। অবশেষে নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৬৪। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস আসে সাহেবজাদা ফারহানের ব্যাট থেকে। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন লিয়াম ডসন। এছাড়া দুটি করে উইকেট পান জোফরা আর্চার ও জ্যামি ওভার্টন এবং একটি আদিল রাশিদ।
জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। ৮ ওভারের মধ্যেই ৪টি উইকেট হারায় তারা। এরপর অবশ্য পরপর দুটি পার্টনারশিপ গড়া হয়। শতরানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক হ্যারি ব্রুক। ৫১ বলে ১০০ রান করে তিনি আউট হন। এরপর আবার দ্রুত দুটি উইকেট পড়ে যায়। অবশেষে অন্তিম ওভারে প্রথম বলে চার মেরে আর্চার দলকে ফিনিশ লাইন পার করান। দুই উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ইংল্যান্ড। পাকিস্তানের বোলারদের মধ্যে চারটি উইকেট তোলেন শাহীন আফ্রিদি, দুটি মহাম্মদ নাওয়াজ এবং দুটি উসমান তারিক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হ্যারি ব্রুককে।



By













