নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন ২২ গজে তাদের শাসন চলতো। অন্যান্য ক্রিকেট খেলা দেশগুলির উপর রীতিমতো ছড়ি ঘোড়াতো অস্ট্রেলিয়া। কিন্তু আজ এ কেমন পরিস্থিতি হলো তাদের? চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা। এক ম্যাচ বাকি থাকতেই ভেঙে গেল তাদের স্বপ্ন। বৃষ্টির কারণে জিম্বাবয়ে ও আয়ারল্যান্ডের খেলা ভেস্তে যাওয়ায় হলো পয়েন্ট ভাগাভাগি এবং এর জেরে স্বপ্ন ভেঙে চুরমার হলো এবার অজিদের ট্রফি জয়ের।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই নেটপাড়ায় হইচই পড়ে যায়। সেই দেশের ক্রিকেটপ্রেমীদের উপর শোকের ছায়া নেমে পড়ে। বলা ভালো, অনেকে মানতেই পারছেন না যে এমনটা ঘটেছে। অনেকে কল্পনাই করতে পারেননি যে এমন পরিণতি হবে ট্র্যাভিস হেডদের। সকলেরই আশা ছিল যে ট্রফি না ওঠালেও অন্তত সেমিফাইনাল অবধি যাবে অজিরা। কিন্তু সেটা আর হলো না শেষ পর্যন্ত। প্রথম রাউন্ড থেকেই হয়ে গেল তাদের বিদায়।
অজি ক্রিকেটপ্রেমীরা দুঃখ পেলেও অনেকে দাবি করছেন যে পাপের ফল ভোগ করছে তারা। নেটিজেনদের একাংশের মতে, অতিরিক্ত অহংকারের কারণে আজ অস্ট্রেলিয়ার এমন দুরবস্থা। অনেকে আবার এটাও দাবি করেন যে অজিরা আজ ফল ভুগছে বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত ঔদ্ধত্য দেখানোর জন্য। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ জেতার পর ট্রফির উপর পা রাখার সেই দৃশ্য পছন্দ করেননি তখন। তারপর থেকেই, পুরুষদের হোক কি নারীদের, আইসিসির কোনও ট্রফিই যায়নি অস্ট্রেলিয়ার ঝুলিতে। যেই দেশ একটা সময়ে ক্রিকেটের রাজা ছিল, তাদের আজ অসহায়ের মতো অবস্থা।
প্রসঙ্গত, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর পরপর দুটি ম্যাচ হারে তারা। জিম্বাবয়ের বিরুদ্ধে ২৩ রানে হারার পর শ্রীলংকার বিরুদ্ধে তারা পরাজিত হয় ৮ উইকেটে। টিকে থাকার আশা বলতে ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবয়ের পরাজয়। কিন্তু তা হয়নি বৃষ্টির কারণে। ভেস্তে যায় ম্যাচ এবং ভাগ করে দেওয়া হয় পয়েন্ট। শেষ ম্যাচটি অস্ট্রেলিয়া জিতলেও আর পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ নেই তাদের। সমস্ত দরজা বন্ধ। এবার দেখার বিষয় যে নিয়মরক্ষার ম্যাচে নিজেদের সম্মান রক্ষা করতে পারে কিনা তারা।



By













