নিউজ ডেস্ক: “এটা ভারতের জন্য” চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে বধ করে, নিজের ট্রেডমার্ক স্টাইলে হেঁসে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, দল একই মানের ক্রিকেট খেলেছে, যা তাঁরা খেলতে চাইছিল। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে প্রথমে ব্যাট করা ভালো অপশন।
রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে এই ম্যাচে বিশ্রীভাবে পরাজিত হন সালমান আলি আঘারা। ৬১ রানের ম্যাচ নিজেদের নামে করে টিম ইন্ডিয়া। যেমন ব্যাটিং, তেমন বোলিং। দুই বিভাগেই এদিন দশে দশ ভারত। পাকিস্তান বল হাতে ভারতকে ২০০ রানের গণ্ডি ছোঁয়া থেকে আটকে পারলেও ব্যাট হাতে, উসমান খান বাদ দিয়ে, প্রায় সকলেই ব্যর্থ হয়েছেন। বলা ভালো, ভারতের বোলিং বিভাগের সামনে মাথানত করতে বাধ্য হয়েছেন তাঁরা। এক কথায়, এটি একটি দাপুটে জয় ‘মেন ইন ব্লু’র।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় নিয়ে খুশিপ্রকাশ করার পাশাপাশি এই ব্যাপারে কিছু বক্তব্য রাখেন অধিনায়ক সূর্যকুমার যাদব। নিজের ট্রেডমার্ক স্টাইলে হেঁসে তিনি বলেন, “আমার মনে হয় এটা পুরো ভারতের জন্য। তবে হ্যাঁ এটা।” এরপরই দলের পারফরমেন্স প্রসঙ্গে বলেন তিনি। স্কাই বলেন, “আমরা একই মানের ক্রিকেট খেলেছি, যা আমরা খেলতে চাইছিলাম। আমি টসেও বলেছিলাম।” পিচ প্রসঙ্গে তাঁর মতামত, “আমার মনে হয় এই উইকেটে প্রথমে ব্যাট করা ভালো অপশন।”
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৫। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২। পাকিস্তানের বোলারদের মধ্যে ৩টি উইকেট পান সাইম আইয়ুব এবং একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, সালমান আলি আঘা ও উসমান তারিক। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করেননি। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হার্দিক, বুমরাহ, অক্ষর ও বরুণ। এছাড়া একটি করে উইকেট পান কুলদীপ ও তিলক। ম্যাচের সেরা হন ঈশান কিষান।



By














