• Home
  • খেলা
  • অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, আন্তরিকতা বাড়াতে চাইছে বিসিসিআইয়ের সঙ্গে

অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, আন্তরিকতা বাড়াতে চাইছে বিসিসিআইয়ের সঙ্গে

Image

নিউজ ডেস্ক: কয়েকদিন আগেও ভারত বিরোধী অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কী পরিকল্পনা তাঁর? রবিবার কলম্বোতে খেলা হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। তার মাঝেই নাকি আন্তরিকতা বাড়ানোর চেষ্টা করবেন বলে দাবি বুলবুলের।

নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। তবে আইসিসিকে বিসিবির তরফ থেকে আবেদন করা হয় তাদের ম্যাচগুলি যেন খেলানো হয় শ্রীলঙ্কায়। কিন্তু সেই আবেদনে হ্যাঁ করেনি আইসিসি। শেষ পর্যন্ত বিষয়টি এই পর্যায়ে যায় যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাদ পড়ে বাংলাদেশ। তাদের পরিবর্তে জায়গা দেওয়া হয় স্কটল্যান্ডকে। 

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এবার সেই খারাপ সম্পর্ক ঠিক করতে চায় বিসিবি। পাকিস্তানের বয়কট ড্রামা শেষ হওয়ার পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে এই বিষয়ে জানিয়েছেন বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “ভারতও চায়নি বিশ্বকাপ থেকে বাদ পড়ুক বাংলাদেশ। তবে বিসিসিআই সরাসরি এই ব্যাপারে কিছু বলেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর উপর সবটা দেওয়া হয়েছিল। স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়েও ভারতের মত ছিল না।”

তিনি আরো বলেন, “আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাক ম্যাচ নিয়ে। এশিয়ার মধ্যে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। আইসিসি চায় ভারত-পাক ম্যাচের দিন এই পাঁচ দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকুক, একে অপরের সঙ্গে কথা বলুক এবং একসাথে ম্যাচ দেখুক। এই আলোচনার দ্বারা সম্পর্কের মধ্যে যাবতীয় শীতলতা দূর করা যেতে পারে।” এবার দেখার বিষয় যে আলোচনা দিয়ে সম্পর্ক ঠিক হয় কিনা। কি হয়, সেটাই এখন দেখার। তবে হাজার বয়কট ড্রামার পর দেশে খেলতে নামার সিদ্ধান্ত নেওয়ায় যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা আলাদা জায়গায় থাকবে, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top