নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই কলম্বতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই মহারণকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে চরমে পৌঁছে গিয়েছে। সকলেই যে বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন, তা না বললেও বোঝা যায়। তার উপর এই ম্যাচ খেলাকে ঘিরে পাকিস্তানের বয়কট ড্রামা আরো বিষয়টিকে উত্তেজনামূলক করে তুলেছে। সুতরাং এটি যে একটা ‘প্রেস্টিজ ফাইট’, তা বলাই বাহুল্য।
এমন পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে চলছে ক্রিকেটপ্রেমীদের পুজো। সকলেই প্রার্থনা করছেন যেন ম্যাচ ভারতের ঝুলিতেই যায়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও এই সংক্রান্ত একাধিক ভিডিও দেখা যাচ্ছে। অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ছবির সামনে যজ্ঞ চলছে। আবার বহু জায়গায় দেশের ক্রিকেটপ্রেমীরা ভারতের পতাকা হাতে পুজো করছেন। সকলেরই একটাই প্রার্থনা, আজ যেন পাকিস্তানকে হারাতে পারেন সুর্যকুমার যাদবরা।
এক ক্রিকেটপ্রেমীর বক্তব্য, “শাহিন আফ্রিদি যেন খেলতেই না পারে। আমি প্রার্থনা করছি আজ। টিম ইন্ডিয়া যেন বড় মার্জনে জয় পায়।” অন্য এক ক্রিকেটপ্রেমীর বক্তব্য, “প্রথমে ব্যাট করে ভারত ২০০ রান বোর্ডে তুলে দিক। তারপর অলআউট করা যাবে পাকিস্তানকে।” অনেকে আবার পাকিস্তানের বয়কট নাটক নিয়েও মন্তব্য করেছেন। তাঁদের বক্তব্য, “পাকিস্তান তো মানছেই না খেলার আদর্শ। যখন দেখছে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে, তখন ময়দানে নেমেছে আইসিসির ধমক খেয়ে। কোনভাবেই জিততে দেওয়া যাবে না পাকিস্তানকে।”
উল্লেখ্য, আইসিসির বড় টুর্নামেন্টগুলিতে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে অধিকাংশ ক্ষেত্রেই জয় নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পরাজিত করে ভারতকে। ১০ উইকেটে ম্যাচটি জিতেছিল তারা। যদিও তারপর থেকে আইসিসির টুর্নামেন্টগুলিতে আর ভারতকে হারাতে পারেনি তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও দুবার পাকিস্তান হারিয়েছে ভারতকে। শেষবার দুই দলের মুখোমুখি হয়েছে এশিয়া কাপে এবং সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। ফাইনালে তাদের ভারত হারিয়েছিল ৫ উইকেটে। দলকে ফিনিশ লাইন পার করিয়েছিলেন তিলক বর্মা ও রিঙ্কু সিং। এবার দেখার বিষয় যে আজকের ম্যাচে কেমন পারফর্ম করেন দুই দলের ক্রিকেটাররা। কারা শেষহাসি হাসে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।



By














