দেবজিৎ মুখার্জি: সিজেপির সফল আন্দোলন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এই আবহে ঘটল আরও চাঞ্চল্যকর কান্ড। মঙ্গলবার কৃষকনেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাৎ করলেন সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা। গোপন বৈঠক শেষে হুঁশিয়ারির সুরে আশুতোষ বলেন, মোদি সরকারকে চারিদিক থেকে তাঁরা ঘিরে ফেলবেন। এই সাক্ষাতের পর প্রশ্ন উঠতে শুরু করেছে আরশোলাদের আন্দোলন নিয়ে। গোটা জাতীয় রাজনীতিতে এক উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে আশুতোষ ও সিজেপির অন্যান্য নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের একাধিক সদস্য। বৈঠক শেষে আশুতোষ জানান, “এক বৃহত্তর জোট গড়ার চেষ্টা করছি আমরা মোদি সরকারের বিরুদ্ধে। আশা করব আমাদের দেশের কৃষক ও যুবসমাজ চারিদিক থেকে ঘিরে ফেলবে মোদি সরকারকে।” সিজেপির অভিযোগ, “আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়িত হচ্ছে না। বিভিন্ন রাজ্যে প্রতিশোধমূলক পদক্ষেপ করা হচ্ছে পড়ুয়াদের উপর।” পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে টিকাইতের সমর্থন চেয়েছে তারা। কেন্দ্রকে তাদের হুঁশিয়ারি, “সরকার কোনও পদক্ষেপ না করলে কৃষক সংগঠন ও যুব সম্প্রদায় একসাথে গোটা দেশজুড়ে আন্দোলন শুরু করবে।”
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশ গ্রহণযোগ্য নয় অভিযোগ তুলে ফের গোটা দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফ থেকে। আরশোলাদের অভিযোগ, কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই সমঝোতাকে সম্মান করা হচ্ছে না। সংগঠনের মুখপাত্র সৌরভ দাসের আশঙ্কা, মঙ্গলবার শীর্ষ আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে, সেটাকে হাতিয়ার করে কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হতে পারে বিক্ষোভকারীদের।



By










