নিউজ ডেস্ক: সরকার বললে বিশ্বকাপ বয়কটের দাবি করা সত্ত্বেও আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয় পাকিস্তানের তরফ থেকে। এরপর গোটা ক্রিকেট মহল মনে করেছিল যে বাংলাদেশের মতো হয়তো সেই ভুলটা করবে না পাকিস্তান। কিন্তু তেমনটা হচ্ছে না। দল ঘোষণা সত্ত্বেও পিসিবি প্রধান মহসিন নকভি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বোর্ডের তরফ থেকে অবস্থান পাল্টানো হয়নি।
লাহোরে দলের হেড কোচ মাইক হেসনের সঙ্গে কথোপকথনে পিসিবি প্রধান বলেছেন, “আমরা অপেক্ষায় রয়েছি সরকারের নির্দেশের। সরকারের তরফ থেকে যেই নির্দেশ দেওয়া হবে, সেটাই করব আমরা।” এরপরই তিনি পরিষ্কার করে দিলেন, “যদি সরকার বলে আমরা বিশ্বকাপে যাব না, তাহলে সেটাই মেনে নেব আমরা।” অর্থাৎ, পুরো বিষয়টি তিনি সরকারের উপর ছেড়ে দিলেন। জানা গিয়েছে, পিসিবি প্রধান দলের ক্রিকেটারদের সঙ্গে দল ঘোষণা হওয়ার পর বৈঠক করেন এবং বুঝিয়ে দেন যে সরকার যদি সরে দাঁড়ানোর নির্দেশ দেয়, তাহলে যেকোনও মুহূর্তে সরে দাঁড়াতে পারে তারা।
প্রসঙ্গত, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মহসিন নকভি বলেছিলেন, “প্রথম থেকেই আমরা বলে আসছি যে অন্যায় হচ্ছে বাংলাদেশের সঙ্গে। যেভাবে সম্ভব ওদের খেলাতে হবে বিশ্বকাপে। ওরা বড় অংশীদার বিশ্বকাপের। ওদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না।” এরপরই হুংকারের সুরে পাক বোর্ডের প্রধানের বক্তব্য, “যদি পাক সরকার বলে, তাহলে আমরাও খেলতে যাব না। তাহলে ২২ নম্বর দল তৈরি করুন আপনারা। এই সিদ্ধান্তটা সরকারকেই নিতে হবে এবং আমরা তাদের সঙ্গে কথা বলব।”



By













