দেবজিৎ মুখার্জি: “আমরা যেখানেই যাই, সমর্থকরা দলকে উৎসাহ দেয়” পরপর দুবার আইপিএল জিতে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে ম্যাচের সেরা হয়ে এমনটাই দাবি করলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কী বললেন তিনি? কিং কোহলির দাবি, গুজরাট টাইট্যান্স হোম টিম হলেও ৯০ শতাংশই আরসিবির সমর্থক। পাশাপাশি, এও পরিষ্কার করে দেন যে সমর্থকদের সমর্থন অমূল্য।
রবিবার, ৩১ মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২৬এর ফাইনাল ম্যাচ। নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামে গুজরাট ও বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরুর দাপুটে বোলিংয়ের সামনে টিকতে পারেননি শুভমান গিলরা। বল হাতে তাঁদের তরফ থেকে চেষ্টা করা হলেও ঘুরে দাঁড়াতে সফল হননি। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করেন বিরাট-রজতরা।
পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে দলের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি জয় নিয়ে খুশি প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি তুলে ধরেন সমর্থকদের সমর্থনের কথা। তিনি বলেন, “মানে, আমি সবসময়ে বলি যে ৭টা হোম ম্যাচ নেই আমাদের। সম্ভবত আমাদের ১৪টা হোম ম্যাচ আছে, কারণ যেখানেই যাই আমরা, দলকে উৎসাহ দেয় সমর্থকরা এবং আমাদের মন থেকে সমর্থন করে। ঘরের মাঠের দল জিটি, কিন্তু আপনি দেখবেন ৯০ শতাংশই আরসিবির সমর্থক।” তাঁর সংযোজন, “তাই আমরা বছরের পর বছর ধরে এটাই অর্জন করেছি এবং তাদের আমরা গর্বিত করে চলেছি আর চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার। আর হ্যাঁ, তাদের সমর্থন অমূল্য এবং আমি সত্যিই খুশি যে আজ রাতে আমাদের ট্রফি জেতা উদযাপন করতে এবং তার সাক্ষী হতে পারছে তারা।”
উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৫৫। অর্ধশতরানের ইনিংস আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। এছাড়া কেউ তেমন দাগ কাটতে সফল হননি ব্যাট হাতে। আরসিবির বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট রাশিক দার সালাম। এছাড়া ভুবনেশ্বর কুমার ও জশ হেজেলউড পান দুটি করে উইকেট। ক্রুনাল পান্ডিয়া তোলেন একটি।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এছাড়া ১৬ বলে ৩২ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। গুজরাটের বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন রাশিদ খান। এছাড়া একটি করে উইকেট পান আরশাদ খান, মহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাডা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কিং কোহলিকে। অন্যদিকে টুর্নামেন্টের সেরা হন রাজস্থান রয়েলসের বৈভব সূর্যবংশী।



By













