দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে এখনো অবধি জয়ের মুখ দেখেনি অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতা এবং দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জেরে পরাজয়ের সম্মুখীন হয়েছে তারা। এক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্লেইং একাদশ ভুল বাছা হচ্ছে বলেই কি এমন দুরবস্থা নাইটদের?
এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সুনীল গাভাস্কার। ঠিক কী পরিবর্তন আনলে ছন্দে ফিরবে নাইটরা, তা জানালেন তিনি। সানি বলেন, “যদি গ্রিন বোলিং না করেন, তাহলে নাইটদের কম্বিনেশন নিয়ে ভাবা উচিত। যেহেতু অবদান রাখছেন না বল হাতে, তাই ওঁর জায়গায় স্পেশালিস্ট ব্যাটারকে খেলানো উচিত। আমরা জানি, ওঁর শতরান রয়েছে আইপিএলে। লাল বলের ক্রিকেটেও জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার হয়ে। তাই গ্রিনের চারে নামার চেয়েও কেকেআর কাকে খেলাবে পাঁচ বা ছয় নম্বরে কাকে, দলের নজর দেওয়া উচিত সেদিকে। বেশি সমস্যা হচ্ছে ওখানেই।”
প্রসঙ্গত, ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কেনা হলেও এখনো পর্যন্ত এই আইপিএলে তেমন খেলা দেখাতে পারেননি ক্যামেরন গ্রিন। এই পর্যন্ত দুটি ম্যাচ মিলিয়ে তাঁর মোট রান ২০। বল হাতে একটি ওভারও করেননি তিনি, যা বড় সমস্যা তৈরি করেছে। ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশ দীপরা। দলে মুস্তাফিজুর রহমানও নেই। এই পরিস্থিতিতে গ্রিন বল করতে না পারায় ব্যালেন্স হারিয়েছে নাইটরা। সেই কারণে সানি তাঁর পরিবর্তে একজন স্পেশালিস্ট ব্যাটারকে খেলানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, এতে অন্তত মিডিল অর্ডারের সমস্যা মিটবে। যদিও গ্রিনকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বল হাতে।



By












