• Home
  • খেলা
  • “শত্রুর মতোই আচরণ করা উচিত” ভারত-পাক মহারণ নিয়ে বক্তব্য প্রবীণ কংগ্রেস সাংসদের

“শত্রুর মতোই আচরণ করা উচিত” ভারত-পাক মহারণ নিয়ে বক্তব্য প্রবীণ কংগ্রেস সাংসদের

Image

দেবজিৎ মুখার্জি: আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা! তারপরই শুরু হবে ক্রিকেটের অন্যতম বড় রাইভালরি। কলম্বতে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এবং সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান। দুই দেশের কাছে যে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং সম্মানের লড়াই, তা বলাই বাহুল্য। ভারত-পাক ক্রিকেটপ্রেমীরা যে এখন এই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন, তা না বললেও বোঝা যায়।

আজকের ম্যাচ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হাত শিবির, ওরফে কংগ্রেসের প্রবীণ সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া। কী বক্তব্য তাঁর? পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, পাকিস্তান দেশের শত্রু এবং তাদের সাথে আচরণ করা উচিত সেভাবেই। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে পাকিস্তান কিভাবে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ লড়ছে, সেটা জানেন তাঁরা যাঁরা সীমান্তে আছেন।

সুখজিন্দর সিং রণধাওয়া বলেন, “আমাদের দেশের শত্রু ওরা এবং সেভাবেই আচরণ করা উচিত ওদের সঙ্গে। কোনও সম্পর্ক নেই আমাদের ওদের সঙ্গে।” এরপরই প্রক্সি যুদ্ধ মন্তব্যটি করেন তিনি। প্রবীণ কংগ্রেস সাংসদদের বক্তব্য, “ওরা কিভাবে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ লড়ছে, তা জানেন তাঁরা যাঁরা সীমান্তে আছেন।” অর্থাৎ তিনিও বাকিদের মতো চান যে পাকিস্তান আজ পরাজিত হোক ভারতের হাতে। 

উল্লেখ্য, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ বয়কট ড্রামা শুরু হয় পাকিস্তানের। প্রথমে তারা পুরো বিশ্বকাপই বয়কট করবে বলে ঠিক করেছিল। তবে শেষ পর্যন্ত তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। কিন্তু অবশেষে সুর নরম করতে বাধ্য হয় তারা এবং ঘোষণা করে দেয় যে ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামবে। এবার দেখার বিষয় যে এই ম্যাচ যায় কার ঝুলিতে। কলম্বোতে ভারত জিতবে নাকি পাকিস্তান? সবটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। তবে ম্যাচ নিয়ে উন্মাদনা একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top