দেবজিৎ মুখার্জি: বাংলাদেশকে বাদ দেওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের বিষয়টি এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় গোটা ক্রিকেট মহলে। সমগ্র ক্রিকেটবিশ্বই এখন মুখিয়ে রয়েছে ১৫ তারিখের দিকে। শেষ পর্যন্ত কি হয়, তার উপর নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই দুই দেশের প্রাক্তনীদের তরফ থেকে অবস্থান জানানো হয়ে গিয়েছে এই ব্যাপারে।
এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। কী বললেন স্কাই? তাঁর পরিষ্কার কথা, পাকিস্তান খেলবে না বলেছে, কিন্তু ভারত বলেনি এবং টিকিট কাটা হয়ে গিয়েছে কলম্বোর জন্য। এখানেই শেষ নয়, পাকিস্তানকে খোঁচা দিতেও বাদ দেননি সূর্য। তিনি জানান যে তাঁদের সিদ্ধান্ত ভারতের হাতে নেই।
ক্যাপ্টেন্স মিটে যোগ দিয়ে সূর্যকুমার যাদব বলেন, “খুবই স্পষ্ট আমাদের মানসিকতা। আমাদের তরফ থেকে তো একবারও বলা হয়নি যে ওদের বিরুদ্ধে আমরা খেলব না। টিকিট কাটা হয়ে গিয়েছে ফ্লাইটের। আমরা যে কলম্বোয়ে ম্যাচ খেলতে যাচ্ছি, তা নিশ্চিত। সূচি তৈরি আমাদের – প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর ক্যানাডা আর শেষে যাবো কলম্বোয়ে। আমাদের হাতে তো নেই ওরা কি সিদ্ধান্ত নেবে। ওদের বিরুদ্ধে আগেও ভালো খেলেছি আমরা। এবারও প্রস্তুত।”
প্রসঙ্গত, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই পাকিস্তানের তরফ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বিশ্বকাপ বয়কটের। যদিও শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে তারা ১৫ তারিখে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে পিসিবি তা সরকারিভাবে ঘোষণা করেনি। অন্যদিকে, আইসিসির তরফ থেকেও বিবৃতি দেওয়া হয় এবং নিজেদের অবস্থান তুলে ধরা হয়।
তবে ভারতের বিরুদ্ধে খেলতে না নামলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে পাক ক্রিকেট বোর্ডকে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাদের প্রাপ্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার (পাকিস্তানি মুদ্রায় ৯৮৪ কোটিরও বেশি) আটকে দেওয়া হতে পারে। শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে যদি সম্প্রচারকারী সংস্থা ক্ষতিপূরণ দাবি করে, তাহলে এই অর্থ পাক বোর্ডের প্রাপ্য টাকা থেকেই দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাদের আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। তবে এত সবকিছু সত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি পাকিস্তান। এবার দেখার বিষয় যে আগে কি হয়।



By













