দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আমাদের কাছে জরুরি ছিল বাউন্সব্যাক করা” চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে খাতা খুলে এমনটাই দাবি করলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, টুর্নামেন্টের প্রথম জয় পেয়ে তিনি খুবই আনন্দিত। পাশাপাশি, তিনি নিজের অবস্থান জানান প্রথমে ব্যাট করে ২০০ পার করা নিয়ে। এছাড়াও এই সংক্রান্ত আরো অনেক কথা বলেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় সেই জায়গা দেওয়া হয় স্কটল্যান্ডকে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারে তারা। তবে তাক লাগিয়ে দেয় দ্বিতীয় ম্যাচে। ইটালিকে বড় ব্যবধানে পরাজিত করে। ৭৩ রানে ম্যাচ জেতে তারা। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এদিন তারা এগিয়ে ছিল ইটালির থেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের অধিনায়ক রিচি বেরিংটন জানান জয় সম্পর্কে।
রিচি বেরিংটন বলেন, “আজ আমাদের জন্য শক্তিশালীভাবে বাউন্সব্যাক করা ও শক্তিশালী পারফর্ম করা জরুরি ছিল। তবে হ্যাঁ টুর্নামেন্টের প্রথম জয় পেয়ে আমরা খুবই আনন্দিত। আমার মনে হয় শেষ পর্যন্ত এটি একটি বড় জয় ছিল, কিন্তু আমরা জানতাম যে আমাদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে এর জন্য এবং আমি মনে করি যে প্রথম ইনিংসে আমরা ২০০ রানের বেশি করেছি একটা ভালো উইকেটে।”
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৭ রান তোলে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আসে জর্জ মান্সের ব্যাট থেকে। এছাড়া ৪১ ও ৩৭ রানের ইনিংস খেলেন ব্রেন্ডন ম্যাকমুলেন ও মাইকেল জোন্স। ইতালির বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন আলি হাসান, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা ও জেজে স্মাটস। জবাবে রান তাড়া করতে নেমে ১৭ ওভার শেষ হওয়ার আগে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইতালি। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস আসে বেন ম্যানেন্টির ব্যাট থেকে। এছাড়া হ্যারি ম্যানেন্টি করেন ৩৭। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট তোলেন মাইকেল লিস্ক। এছাড়া দুটি উইকেট পান মার্ক ওয়াট এবং একটি করে উইকেট তোলেন কারি, উইল ও ডেভিডসন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মাইকেল লিস্ককে।



By














