দেবজিৎ মুখার্জি: দেশের হয়ে সবচেয়ে কম বয়সে ২২ গজে নামার রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের। ১৬ বছর ২০৫ দিন বয়সে তাঁর অভিষেক ঘটে টেস্ট ক্রিকেটে। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বৈভব সূর্যবংশীর কাছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২০ সালের নিয়ম অনুসারে সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পাওয়া যাবে ১৫ বছর বয়স থেকে। শুক্রবার ১৪ পেরিয়ে ১৫তে পা দিলেন বৈভব। অর্থাৎ গৌতম গম্ভীর, অজিত আগারকাররা এবার চাইলে তাঁকে দলে নিতে পারবেন তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে।
সিনিয়র দলের হয়ে খেলার স্বপ্নের কাছাকাছি বৈভব। আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সুতরাং সিরিজের আগে আইপিএলে যদি ভালো পারফর্ম করেন ব্যাট হাতে, তাহলে তিনি সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে দেখার যে তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা। ব্যাট হাতে টুর্নামেন্টে কেমন পারফর্ম করেন, সেদিকেই এখন নজর দেশের ক্রিকেটপ্রেমীদের। প্রসঙ্গত, সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর রেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান রাজ়ার। তাঁর টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে।



By














