• Home
  • খেলা
  • কোন শর্তে বাদ দেওয়া যেতে পারে অভিষেককে? জানালেন শাস্ত্রী

কোন শর্তে বাদ দেওয়া যেতে পারে অভিষেককে? জানালেন শাস্ত্রী

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার জন্য। জিম্বাবয়ে ম্যাচ বাদ দিয়ে বাকি কোনও ম্যাচেই তিনি তেমন জ্বলে উঠতে পারেননি। এই পর্যন্ত ছয়টি ম্যাচ মিলিয়ে তাঁর মোট রান ৮০। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে বিনা রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫, জিম্বাবয়ের বিরুদ্ধে ৫৫ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচে ১০ রান করেন তিনি।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সেমিফাইনালে কি বাদ দেওয়া হবে অভিষেককে? এবার তা নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন হেডকোচ, তথা প্রাক্তন ক্রিকেটার, রবি শাস্ত্রী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তরুণ তারকাকে বসানো যায় একটা শর্তে। শুধু তাই নয়, তাঁর পরিবর্তে প্রথম একাদশে কাকে জায়গা দেওয়া উচিত, তাও তুলে ধরেন শাস্ত্রী। 

রবি শাস্ত্রী বলেন, “যদি টিম ম্যানেজমেন্টের মনে হয় যে অভিষেক মানসিকভাবে ঠিক জায়গায় নেই বা আহত হয়েছে ওর মানসিকতা, বুঝতে হবে সেটা। বাইরে থেকে কথা বলেই সেটা বুঝতে হবে। নেটে কিভাবে ব্যাটিং করছে, সেটাও দেখতে হবে।” এরপরই তিনি বলেন, “যদি সেই ব্যাপারে কোনও সমস্যা দেখা দেয়, তাহলে আমার মতে ওপেন করতে পাঠানো উচিত ঈশানকে। আর নিচের দিকে খেলানো উচিত রিঙ্কু সিংকে।” অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে সেক্ষেত্রে ঈশান কিষান ও সঞ্জু স্যামসন ওপেন করুক।

তবে প্রাক্তন হেডস্যার মনে করিয়ে দিচ্ছেন, “আমি অভিষেককেই খেলাতাম একটা পরিবর্তনের জায়গা থাকলেও। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে যখন শেষবার ভারত খেলেছিল, তখন দারুণ ক্রিকেট তুলে ধরেছিল অভিষেক। ভালো খেলেছে ও আগে। তাড়াতাড়ি সেঞ্চুরি করতে পারে। পর্যাপ্ত গোলাবারুদ আছে ওর ব্যাটিংয়ে। সেটা আমি দেখতে চাই ওয়াংখেড়েতেও।” এবার দেখার বিষয় যে সেমিফাইনালে সেই আগের মতো আগুন ব্যাটিং তুলে ধরতে পারেন কিনা অভিষেক। কী হয় আগামীকাল? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top