দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে গেছে রাজ্যে চলতি এসআইআর মামলায় শীর্ষ আদালতের তরফ থেকে দেওয়া বড় সুখবর। তাদের পরিষ্কার নির্দেশ, নির্বাচনের মাত্র ৪৮ ঘন্টা আগেও যদি কোনও বিচারাধীন ভোটার গ্রিন সিগনাল পান ট্রাইবুনালের তরফ থেকে, তাহলে নিজের গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করতে পারবেন। কোর্টের তরফ থেকে এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে।
সংশোধিত নির্দেশনামায় সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যদি ট্রাইব্যুনালে কোনও মামলার নিষ্পত্তি হয় আগামী ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে, তাহলে ভোট দিতে পারবেন নির্দিষ্ট ব্যক্তিরা। যদিও এর জন্য এক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। তবে আদালতের তরফ থেকে একটি বিষয় মনে করিয়ে দেওয়া হয়েছে যে শুধু আবেদন করলেই ভোট দেওয়ার অধিকার পেয়ে যাবেন না কেউ, বুথে যাওয়া সম্ভব হবে ট্রাইব্যুনালের ফাইনাল ছাড়পত্র পাওয়া গেলেই।
এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই পেলাম এই সুখবর। বারবার সকলকে বলেছিলাম ধৈর্য ধরতে এবং ট্রাইবুনালে আবেদন করতে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যাঁরা আবেদন করেছেন, ২১ এপ্রিল তাঁদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে।” তিনি আরো বলেন, “নাম লিস্টে উঠে গেলেই আমাদের কর্মীদের বলবো ভোটার স্লিপ যেন ঐদিন রাতের মধ্যে তৈরি করে পৌঁছে দেয় বাড়ি বাড়ি, যাতে ভোট দিতে পারে সকলে। ২৭ তারিখ দ্বিতীয় তালিকা বেরোবে। বিচারব্যবস্থা নিয়ে আমি খুশি এবং গর্বিত। কেস করেছিলাম আমি। এটা মা-মাটি-মানুষের জয়।”



By










