দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল রিয়ান পারাগ নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। মঙ্গলবার তারা পরাজিত করল হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সকে। ২৭ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে দলের অন্যতম তরুণ ওপেনার যশস্বী জয়েসওয়ালকে।
তবে যশস্বী ম্যাচের সেরা হলেও গোটা ম্যাচজুড়ে আলোচনার বিষয় ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। প্রত্যাশা মতোই তিনি গতকালও দুর্দান্ত ব্যাটিং করেন। ১৪ বলে ৩৯ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে শুরু করে দলের অন্যান্য সমর্থকদের। এমনকি বুমরাহের মতো তারকা বোলারকেও তিনি প্রথম বলে ছক্কা হাকান। একটি নয়, সেই ওভারে আরেকটি ছক্কাও মারেন তিনি। বলা ভালো, যশস্বী ও বৈভবের ওপেনিং জুটি দলের জয়ের রাস্তা পরিষ্কার করে দেওয়ায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যশস্বীকে বৈভবের সঙ্গে কনভার্সেশন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বৈভবের বিশাল প্রশংসা করেন। যশস্বী বলেন, “যেভাবে ও খেলছে, তা অসাধারণ। ও খুব পরিশ্রমও করছে। তাই আমিও মোটিভেট হই যে আমাকেও আলাদা শট তৈরি করতে হবে এবং সবসময়ে আমাদের মধ্যে এই কথা হয় যে কিভাবে আমরা এগোবো। ও যখন কাউকে আক্রমণ করছে, আমি শুধু ওকে ইতিবাচক মেসেজ দিই যে ও যেন ফ্রিলি খেলে এবং বিন্দাস খেলে, ওরকমই কিছু (হাসলেন)।” এর সঙ্গে যশস্বীকে প্রশ্ন করা হয় যে তিনি বড় ভাইয়ের ভূমিকা পালন করেন কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় না। অসাধারণ এবং খেলাটা খুব ভালোভাবে বোঝে। ও যথেষ্ট সক্ষম এটা নিজেই করতে। ও উপভোগ করছে নিজের খেলাটা এবং ভালো খেলছে অবিশ্বাস্যভাবে।”
প্রসঙ্গত, বৃষ্টির কারণে গতকাল ২০ ওভারের পরিবর্তে ১১ ওভারের ম্যাচ খেলা হয়। প্রথমে ব্যাট করে রাজস্থান ৩ উইকেট হারিয়ে তোলে ১৫০। জবাবে মুম্বাই ১১ ওভারে করে ৯ উইকেটে ১২৩। ৭৭ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংসের জন্য ম্যাচের সেরা হন রাজস্থান রয়্যালসের অন্যতম তরুণ তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল।



By














