• Home
  • খেলা
  • দাপট অব্যাহত সূর্যদের, জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ ভারতের

দাপট অব্যাহত সূর্যদের, জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ ভারতের

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার। জয় দিয়ে শেষ করল তারা গ্রুপ পর্ব। বুধবার তারা পরাজিত করল নেদারল্যান্ডস্কে। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। ভারতের তরফ থেকে লড়াকু টোটাল স্কোরবোর্ডে তোলা সত্ত্বেও তা তাড়া করার জন্য সবটা দেন ডাচ বাহিনী। তবে শেষ পর্যন্ত সেই লড়াই কাজে লাগেনি। ম্যাচটি ১৭ রানে জিতে নিজেদের ঝুলিতে তুলে নেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী।

বুধবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এদিনও ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি দলের অন্যতম তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মা। এই ম্যাচেও বিনা রান করে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। ঝড়ের গতিতে রান করতে থাকলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি ঈশান কিষানও। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩৪ ও হার্দিক পান্ডিয়া ৩০। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে শিবম দুবের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট তোলেন লোগান ভ্যান বিক, দুটি আরিয়ান দত্ত এবং একটি কাইল ক্লেইন।

জবাবে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬। কারোর ব্যাট থেকেই অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন ব্যাস ডি লিড। ভারতের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী, দুটি শিবম দুবে এবং একটি করে পান জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শিবম দুবেকে। এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডে কেমন পারফর্ম করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আগামী ম্যাচগুলিতে নিজেদের দাপট অব্যাহত রাখতে পারেন কিনা দলের ক্রিকেটাররা, সেদিকেই এখন নজর রয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top