• Home
  • খেলা
  • উইন্ডিজদের দাপটে চিন্তা বাড়ল ভারতের, চাপে ফেলতে পারে রান রেট

উইন্ডিজদের দাপটে চিন্তা বাড়ল ভারতের, চাপে ফেলতে পারে রান রেট

Image

দেবজিৎ মুখার্জি: সেমিফাইনালে যেতে পারবে টিম ইন্ডিয়া? সোমবার জিম্বাবয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বড় ব্যবধানে জয়ের পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ অঙ্কটা এখন একটু কঠিন হয়ে উঠেছে। শেষ চারে শেষ করতে হলে এখন শুধু ভারতকে পরপর দুটি ম্যাচ জিতলে হবে না, এর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকেও হারতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সাথে অন্য আরও অঙ্ক রয়েছে।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবয়ে ও ওয়েস্ট ইন্ডিজ একে অপরের মুখোমুখি হয়। ম্যাচটি বড় মার্জিনে নিজেদের ঝুলিতে তোলে উইন্ডিজরা। তাদের ২৫৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে জিম্বাবয়ে অলআউট হয়ে যায় ১৪৭ রানে। অন্যদিকে, ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারায় তাদের চাপ বাড়িয়েছে রান রেট। এই মুহূর্তে ভারত তাদের গ্রুপে তৃতীয় নম্বর রয়েছে। জিম্বাবয়ের থেকে এগিয়ে তারা। জিম্বাবয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের রান রেট এসে দাঁড়িয়েছে ৫.৩৫, দক্ষিণ আফ্রিকার ৩.৮ এবং ভারতের -৩.৮।

অর্থাৎ এখন ভারতের সেমিফাইনাল খেলার বিষয়টি নানা অঙ্কের উপর নির্ভর করছে। যদি উইন্ডিজদের পরাজিত করতে পারে প্রোটিয়ারা, তাহলে অতটা চাপ হবে না ভারতের। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তখন রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ভারতকে অনেক বড় ব্যবধানে জিততে হবে জিম্বাবয়ের বিরুদ্ধে কারণ এক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে। সুতরাং, ভারত যে প্রার্থনা করবে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বাকি দুটি ম্যাচে জয়ের, তা বলাই বাহুল্য। এমনটা যদি হয় আর ভারত যদি বাকি দুটি ম্যাচ জেতে, তাহলে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে শেষ করবে।

এবার দেখার বিষয় যে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে পারে কিনা। অন্যদিকে বাকি দুই ম্যাচে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে, সেটাও এখন দেখার। কোন দুটি দল যাবে সেমিফাইনালে এই গ্রুপ থেকে? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top