• Home
  • খেলা
  • ‘ডু অর ডাই’ ম্যাচে বড় জয় ভারতের, ৭২ রানে হারালো জিম্বাবয়েকে

‘ডু অর ডাই’ ম্যাচে বড় জয় ভারতের, ৭২ রানে হারালো জিম্বাবয়েকে

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে জয় পেল ভারত। বৃহস্পতিবার তারা পরাজিত করল সিকান্দার রাজার জিম্বাবয়েকে। শুধু জয় নয়, একেবারে বড় মার্জিনে জয় পেলেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। ৭২ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সৌজন্যে ব্যাটারদের দাপট এবং বল হাতে বোলারদের বিধ্বংসী বোলিং। এক কথায় বলতে গেলে, একটি নিখুঁত ‘টিম গেম’এর উদাহরণ তুলে ধরা হয়েছে দলের তরফ থেকে। অন্যদিকে, জিম্বাবয়ে লড়াই দেয় ঠিকই, তবে তা কাজে আসেনি। যদিও ব্যাট হাতে যে তারা ভালই পারফর্ম করেছে, তা বলাই যায়। 

বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজার তরফ থেকে। তবে নেমেই আগ্রাসী রূপ ধারণ করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। প্রথমে ২৪ রানে আউট হন সঞ্জু। এরপর ঈশান প্যাভিলিয়নে ফেরেন ৩৮ রান করে। অভিষেক শর্মা এই ম্যাচে অর্ধশতরান করেন। ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনি আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩৩। তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৪৪ ও ৫০ রানে। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটের ২৫৬।

জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটের ১৮৪। সর্বোচ্চ ৯৭ রান করে অপরাজিত থাকেন ব্রায়ান বেনেট। এছাড়া ৩১ রানের ইনিংস আসে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে। তবে ব্যাট হাতে দুজনকে বাদ দিয়ে বাকি কেউ তেমন দাগ কাটতে সফল হননি। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন দলের তরুণ তারকা পেসার আর্শদিপ সিং। এছাড়া একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top