দেবজিৎ মুখার্জি: শুরুর মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটাও ভালো করল টিম ইন্ডিয়া। বড় ব্যবধানে জিতল অন্তিম ম্যাচটি। ৪৬ রানে জিতে ৪-১ ফলাফলে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নেয় ভারত। সৌজন্যে ব্যাট হাতে দীর্ঘদিন পর জাতীয় দলে খেলতে শুরু করা ঈশান কিষান ও অধিনায়ক সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংস এবং বল হাতে আর্শদ্বীপ সিংয়ের দাপুটে বোলিং। যদিও নিউজিল্যান্ডের তরফ থেকেও ভারতের দেওয়া টার্গেট তাড়া করার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি।
সিরিজের পঞ্চম এবং অন্তিম ম্যাচটি খেলা হয় তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নেমেই ঝড়ের গতিতে রান করা শুরু করে ভারত। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা ৩০ রান করে আউট হন। এরপরই শুরু হয় ঈশান ও সূর্যের আগ্রাসী ব্যাটিং।
দুজনের মারকুটে ইনিংসের সুবাদে বড় টোটালের রাস্তা তৈরি হয় ভারতের জন্য। ৪৩ বলে ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান ঈশান। অন্যদিকে স্কাই ৩০ বলে ৬৩ রানের এক মারকুটে ইনিংস উপহার দেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমীদের। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪২ রানের এখন দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৭১।
জবাবে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ঝড়ের গতিতে রান করা শুরু করলেও প্রথম ওভারেই ধাক্কা খায় তারা। আর্শদ্বীপের বলে আউট হন টিম সাইফার্ট। এরপর যদিও ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্র একটি অসাধারণ পার্টনারশিপ গড়েন। ৮০ রান করে আউটন অ্যালেন। রবীন্দ্র করেন ৩০। ঈশ সোধি করেন ৩৩।
এছাড়া ব্যাট হাতে তেমন কেউ সেভাবে দাগ কেটে উঠতে সফল হননি। ২২৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিজের ঝুলিতে তোলেন তরুণ তারকা পেসার আর্শদ্বীপ সিং। এছাড়া তিনটি উইকেট পান অক্ষর প্যাটেল এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন রিঙ্কু সিং ও বরুন চক্রবর্তী। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ঈশান কিষানকে এবং সিরিজের সেরা হন সূর্যকুমার যাদব।



By













