• Home
  • খেলা
  • যে ইডেনে ভারতকে হারিয়ে অহংকার, সেই ইডেনেই স্বপ্নভঙ্গ, কি বক্তব্য প্রোটিয়া কোচের?

যে ইডেনে ভারতকে হারিয়ে অহংকার, সেই ইডেনেই স্বপ্নভঙ্গ, কি বক্তব্য প্রোটিয়া কোচের?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গতবছর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে টেস্টে ভারতকে পরাজিত করার পর ‘মেন ইন ব্লু’ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। কিন্তু তার ক’মাস পরই সেই ইডেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হলো তাদের। এবার কী বক্তব্য কোচের? এবার তিনি দাবি করেন যে এটি চোকের থেকেও অনেক বড়।

এমনিতেই চোকার্স হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা। তার উপর এই পরাজয় সেই তকমাকে আরো অন্য রূপ দিয়েছে। যদিও শুক্রি কনরাড এটিকে চোকের থেকেও অনেক বেশিকিছু মনে করছেন। তাঁর বক্তব্য, “আমি এই পরাজয়কে চোক হিসেবে দেখছি না। বরং তার চেয়ে বেশি।” বড় ব্যবধানে পরাজিত হলেও তিনি দাবি করেন যে দলের ক্রিকেটাররা ভালো খেলেছেন কিন্তু প্রতিপক্ষ নিউজিল্যান্ড অসাধারণ পারফর্ম করেছে। 

যদিও দলের অধিনায়ক এডেন মার্করাম তা মনে করছেন না। তাঁর মতে, “মনে হচ্ছে কেউ সপাটে থাপ্পড় মেরেছে। এই পরাজয় বোঝানো কঠিন। তবে আমরা ফিরব আরো ভালো দল হয়ে।” বলে রাখা ভালো, গতবছর ইডেনে ভারতকে টেস্টে পরাজিত করার পর শুক্রি কনরাড বলেছিলেন, “দক্ষিণ আফ্রিকা ভারতীয়দের পায়ের তলায় রাখতে চেয়েছিল। এমন মন্তব্য করতে গিয়ে তিনি ‘গ্রোভেল’ শব্দটি ব্যবহার করেন, যা বর্ণবিদ্বেষ বোঝায়।

প্রসঙ্গত, বুধবার ম্যাচটি খেলা হয় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারেই দুটি উইকেট হারায় তারা। ১০ ওভার পেরোতে না পেরেতেই অর্ধেক দল ফিরে যায় প্যাভিলিয়নে। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৯। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন মার্কো ইয়ান্সেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩৪ এবং ট্রিষ্টান স্টাবস ২৯। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি ও রচিন রবীন্দ্র। এছাড়া একটি করে উইকেট পান লকি ফার্গুসন ও জেমস নিশাম।

জবাবে রান তাড়া করতে নেমে ১৩ ওভার শেষ হওয়ার এক বল আগেই প্রয়োজনীয় রান তুলে নেয়  নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে। ৩৩ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। এছাড়া টিম সাইফার্ট করেন ৫৮। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রচিন রবীন্দ্র। বলা ভালো, এদিন দুই ওপেনারই দক্ষিণ আফ্রিকার থেকে ম্যাচ পুরো বার করে নিয়ে যায়। এক দুর্দান্ত শতরানের ইনিংসের জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ফিন অ্যালেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top