দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা বাড়ছে দেশের ক্রিকেটপ্রেমীদের। দশ বছর পর ভারতের মাটিতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। পাশাপাশি, দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। দলের সকল ক্রিকেটারই মোটামুটি ভালো পারফর্ম করে যাচ্ছেন গত কয়েকমাস ধরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও দলের পারফরমেন্স দারুন চতুর্থ ম্যাচ বাদ দিলে। সুতরাং সূর্যকুমার যাদবদের ট্রফির অন্যতম প্রধান দাবেদার বলাই যায়।
তবে টিম ইন্ডিয়ার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটা বা কোন দলগুলি সেমিফাইনালে পৌঁছাবে, তা নিয়ে এবার মুখ খুললেন দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? সম্প্রতি প্রোটিয়াদের দেশ থেকে তিনি ফিরেছেন কলকাতায় এবং এসেই প্রশাসকের দায়িত্ব পালন করা শুরু করেছেন।
যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ ইডেনে, তাই বৃহস্পতিবার তিনি গোটা মাঠ ঘুরে দেখেন এবং যাবতীয় নির্দেশ দেন কর্তাদের। পাশাপাশি, একাধিক বৈঠকও করেন। এদিন তিনি দাবি করেন যে বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল ভারত এবং সেমিফাইনালে তাদের সঙ্গে দেখা যেতে পারে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে।
মহারাজ বলেন, “টিম ইন্ডিয়া অবশ্যই আকর্ষণীয় দল বিশ্বকাপে। তবে রেসে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। নিউজিল্যান্ডের কথাও বলব। ওরা ডার্ক হর্স এই বিশ্বকাপের।” সেমিফাইনালে কোন চারটি দল যেতে পারে, সেই বিষয়ে দাদা বলেন, “এই মুহূর্তে এটা বলা কঠিন যে কারা সেমিফাইনাল খেলবে। তবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।” এবার দেখার বিষয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় যা দাবি করেছেন, তা সঠিক হয় কিনা।



By














