দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের আগে ভারতের যে প্রধান অস্ত্র ব্যাটিং, তা বুঝিয়ে দিলেন দলের প্রাক্তন অধিনায়ক, তথা সিএবি সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান দলের কোন ব্যাটাররা দারুন ছন্দে রয়েছেন। যদিও শুধু ব্যাটিং বিভাগ নয়, দলের কোন বোলার এই মুহূর্তে অসাধারণ পারফর্ম করছেন, তাও জানান দাদা।
সম্প্রতি, প্রোটিয়াদের দেশ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরেছেন কলকাতায় এবং এসেই প্রশাসকের দায়িত্ব পালন করা শুরু করেছেন। যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে, তাই বৃহস্পতিবার তিনি গোটা মাঠ ঘুরে দেখেন এবং যাবতীয় নির্দেশ দেন কর্তাদের। এখানেই শেষ নয়, একাধিক বৈঠক পর্যন্ত করেন। এর মাঝেই তিনি এই ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আছে, তা অসাধারণ। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা তো আছেই। ভালো পারফর্ম করছে ঈশান কিষানও।” পাশাপাশি, দলের বোলিং বিভাগেরও প্রশংসা করেছেন মহারাজ। দাদা বলেন, “এর সঙ্গে বোলিংয়ে আছে জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।” অর্থাৎ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের খেলোয়াড়দের ভালো পারফরমেন্স নিয়ে তিনি আশা যে রাখছেন, তা বোঝাই যায়।
প্রসঙ্গত, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে ভারত ও শ্রীলংকার মাটিতে। এই নিয়ে দশ বছর পর দেশের মাটিতে খেলা হতে চলেছে এই টুর্নামেন্ট। শেষবার হয়েছিল ২০১৬ সালে। তখন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতেন ক্যাপ্টেন কুল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি। সেই বছর রোমাঞ্চকর ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দেখার যে গতবারের জয়ী দল, অর্থাৎ টিম ইন্ডিয়া, এবারও ট্রফি নিজেদের নামে করতে পারে কিনা। কি হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।



By














