• Home
  • খেলা
  • “সঞ্জুর ক্যাচ ফেলা বড় ভুল” টুর্নামেন্ট থেকে ছিটকে জানালেন ব্রুক

“সঞ্জুর ক্যাচ ফেলা বড় ভুল” টুর্নামেন্ট থেকে ছিটকে জানালেন ব্রুক

Image

দেবজিৎ মুখার্জি: সঞ্জুর ক্যাচ ফেলাকেই তাঁর এক বড় ভুল করে স্বীকার করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। কী বক্তব্য তাঁর? ম্যাচ শেষে তিনি জানালেন যে তিনি স্বীকার করছেন যে সঞ্জুর ক্যাচ ফেলা তাঁর এক বড় ভুল। শুধু তাই নয়, এই ব্যাপারে তিনি আরো দাবি করেন যে দুর্ভাগ্যবশত তিনি ক্যাচটি ধরতে পারেননি এবং তিনি স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিলেন এবং সঞ্জু রান করে যাচ্ছিলেন।

হ্যারি ব্রুক বলেন, “আমি হাত তুলে বলবো যে আমি অনেক বড় ভুল করেছি সঞ্জুর ক্যাচ ফেলে। ম্যাচ জেতায় ক্যাচ, তাই না?” তাঁর সংযোজন, “আমার হাতে তা থাকেনি দুর্ভাগ্যবশত। স্বাভাবিকভাবেই তা মাথার মধ্যে থাকে। স্কোরবোর্ডের দিকে আমি তাকিয়ে থাকলাম এবং সঞ্জু রান করে যাচ্ছিল। আমি ভাবছিলাম আজ রাতে ৮৯ করতে হবে আমাকে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন টসে জিতে সূর্যকুমার যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। নেমেই গত ম্যাচের মতো আগাসি ব্যাটিং করা শুরু করেন সঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দলের আরেক ওপেনার অভিষেক শর্মা। এদিনও ব্যর্থ হন তিনি। ৯ করে আউট হয়ে যান। এরপর ঈশান কিষানের ব্যাট থেকে ফের এক দুর্দান্ত ইনিংস উঠে আসে। তিনি ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সঞ্জু আউট হন ৮৯ রান করে। শিবম দুবে করেন ৪৩। এছাড়া অল্প বলে দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস উপহার দেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মাও। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ২৫৩। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট তোলেন আদিল রাশিদ ও উইল জ্যাক্স। জোফরা আর্চার পান একটি উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ফিল সল্ট। ৮ ওভারের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন উইল জ্যাক্স ও জেকব বেথেল। জ্যাক্স প্যাভিলিয়নে ফিরে যান ৩৫ রান করে। অন্যদিকে বেথেল ১০৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন প্রভাব ফেলতে সফল হননি। জোফরা আর্চার শেষ ওভারে একের পর এক ছক্কা হাঁকালেও, তা কাজে আসেনি। কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেটে ২৪৬ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পান আর্শদিপ সিং, জাস্পৃত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এদিনও ম্যাচের সেরা ঘোষণা করা হয় সঞ্জু স্যামসনকে। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top