দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে শুধু একটাই নাম ঘোরাফেরা করছে আর সেটি হল দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাট হাতে তিনি যে খেলা দেখিয়েছেন এবং দলকে ম্যাচ জিতিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন, তার প্রশংসা করেছে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। বলা ভালো, সঞ্জুকে নিয়ে এখন আশা অনেক বেড়ে গিয়েছে গোটা দলের।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় শাস্তির সম্মুখীন হতে পারেন সঞ্জু। কী কারণে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ক্রিজে হাঁটু মোড়ে বসে পড়েন তিনি এবং হেলমেট মাঠে ছুড়ে দিয়ে দুই হাত তুলে প্রার্থনা করেন ঈশ্বরকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী ক্রিকেটের সরঞ্জাম মাঠে ছোড়া নিয়মের বিরুদ্ধে পড়ে। মূলত বিষয়টি ক্রিকেটের জিনিসকে অপমানের বা স্পিরিট অফ দা গেম বিরোধী আওতায় পড়ে।
সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে সঞ্জুর? এমন পরিস্থিতিতে আর্থিক জরিমানা ও ডিমোরিট পয়েন্টের পাশাপাশি আগের রেকর্ড বা কিভাবে ক্রিকেটের জিনিস ছুড়ে ফেলা হয়েছে, সেটার ভিত্তিতে সাসপেন্ড করা হতে পারে এক ম্যাচের জন্য। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচ কমিশনার বা কাউন্সিলর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে যেহেতু সঞ্জু উদযাপন করতে গিয়ে এটা করেছেন এবং এতে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে, তাই মনে করা হচ্ছে যে সঞ্জুকে হয়তো শুধু সতর্ক করা হতে পারে। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।
উল্লেখ্য, সঞ্জু স্যামসনের ৫০ বলে ৯৭ রানের ইনিংসে ছিল ১২টি চার এবং চারটি ছয়। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি নটআউট থাকেন এবং দলকে ফিনিশ লাইন পার করান। এবার দেখার বিষয় যে সেমিফাইনালেও একই খেলা তুলে ধরতে পারেন কিনা তিনি। পরবর্তী ম্যাচে ব্যাট হাতে তিনি সহ গোটা ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করবে, সেদিকেই এখন নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্ট যে এবার জমে উঠেছে, তা না বললেও বোঝা যায়।



By














