দেবজিৎ মুখার্জি, কলকাতা: জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করতে পারল না ইতালি। বৃহস্পতিবার তাদের পরাজিত করল দুবারের বিশ্বজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। ৪২ রানে ম্যাচ জিতেছে তারা। এদিন বল হাতে ইতালি শুরুতে ভালো বোলিং করলেও পরের দিকে সেই মোমেন্টাম বজায় রাখতে পারেননি দলের বোলাররা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ একেবারে বিধ্বংসী বোলিং করে এদিন। বলা ভালো, যখন যখন ইতালি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিল, তখনই ওয়েস্ট ইন্ডিজের বোলাররা আঘাত করেন উইকেট তুলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের পারফরমেন্স নিয়ে অবস্থান জানান ইতালির অধিনায়ক হ্যারি ম্যানেন্টি। তিনি বলেন, “আমি খুবই খুশি বল হাতে আমাদের প্রথম কয়েকটি পারফরমেন্সে।” ব্যাটিং পাওয়ারপ্লেতে উইকেট হারানো নিয়েও নিজের মতামত জানান তিনি। হ্যারি জানান যে সেটাই একটা সমস্যা। তিনি বলেন, “আজ গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উইকেট হারিয়েছি। কোন পার্টনারশিপ পাইনি যা ম্যাচ জিততে সাহায্য করবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় ইডেন গার্ডেনসে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতালি। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১৬৫ রান। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন উইন্ডিজ অধিনায়ক শেহ হোপ। এছাড়া ২৪ রানের ইনিংস আসে শারফেন রুদারফোর্ড ও রস্টন চেজের ব্যাট থেকে। ইতালির বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন বেন ম্যাণেন্টি ও কৃষাণ কালুগামাগে। এছাড়া একটি করে উইকেট নিজেদের নামে করেন আলি হাসান ও থমাস ড্র্যাকা।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি। দলের কোন ব্যাটারই দাগ কাটতে সফল হননি ব্যাট হাতে। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন বেন ম্যাণেন্টি। জেজে স্মাটস করেন ২৪। এছাড়া কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিজের ঝুলিতে তোলেন শামার জোসেফ। এছাড়া ম্যাথিউ ফোর্ড নেন তিনটি উইকেট। দুটি উইকেট নেন গুদাকেশ মোটি এবং একটি আকিল হোসেন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শেহ হোপকে।



By














