• Home
  • খেলা
  • “তোমাদের সেবার জন্য তৈরি” নেপালের কোচ হতে প্রস্তুত স্টেন?

“তোমাদের সেবার জন্য তৈরি” নেপালের কোচ হতে প্রস্তুত স্টেন?

Image

দেবজিৎ মুখার্জি: রবিবার এক টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হয়েছে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম। নেপালের বিরুদ্ধে মাত্র চার রানে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচ হারলেও তারা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের প্রশংসা। যেভাবে ইংল্যান্ডের মতো এক শক্তিশালী দলের বিরুদ্ধে তারা এমন দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স রেখেছে, তা দেখে মুগ্ধ সমস্ত ক্রিকেটপ্রেমী। অনেকে মনে করছেন যে ভালো প্রশিক্ষণ পেলে শীঘ্রই তারা একটা পরিণত দল হয়ে উঠবে। 

নেপালের প্রশংসা শোনা গেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেনের মুখ থেকেও। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, নেপালের যদি কোন সেবার প্রয়োজন হয়, তাহলে তিনি তার জন্য প্রস্তুত। প্রাক্তন প্রোটিয়া তারকার সোশ্যাল মিডিয়ায় করা এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং তাতে কমেন্ট করেন বহু ক্রিকেটপ্রেমী। সকলেই নেপালের সাহসী খেলাকে কুর্নিশ জানিয়েছেন। 

সমাজমাধ্যমে ডেল স্টেন লেখেন, “নেপাল, যদি তোমাদের দরকার পড়ে কোন সেবার, তাহলে তা দিতে প্রস্তুত আমি। তোমরা ওঠো আরো অনেক শীর্ষে।” এই পোস্ট নজরে আসতেই ক্রিকেটপ্রেমীরা কমেন্ট করতে শুরু করেন। নেপালের খেলার প্রশংসা করে অনেকেই স্টেনকে অনুরোধ করেন তাদের প্রশিক্ষণ দেওয়ার। ক্রিকেটপ্রেমীদের বক্তব্য, সঠিক পরামর্শ পেলে নেপাল একটা পরিণত দল হয়ে উঠবে। 

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নেপাল পেসার নন্দন যাদবকে স্টেনের প্রশংসা করার কথা জানানো হয়। তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি দলের কোচ হলে কেমন হবে? সেই প্রশ্নের উত্তরে নন্দন যাদব বলেন, “অনেক বড় ব্যাপার হবে। উনি একজন কিংবদন্তি ক্রিকেটার। ১০ বছর ধরে দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটকে। এটা সত্যিই অসাধারণ ব্যাপার যে এমন একজন ক্রিকেটার টুইট করছেন। তবে এটা ম্যানেজমেন্টের ব্যাপার। ঠিক জানা নেই যে আমরা এর উত্তর দিতে পারব কিনা।” প্রসঙ্গত, গতকাল প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৮৪। জবাবে নেপাল কুড়ি ওভারে শেষ করে ৬ উইকেটে ১৮০ রানে। ম্যাচের সেরা হন উইল জ্যাক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top