• Home
  • খেলা
  • বড় পদক্ষেপ পিসিবির! টেস্ট দলের হেডকোচ হতে চলেছেন সারফারাজ

বড় পদক্ষেপ পিসিবির! টেস্ট দলের হেডকোচ হতে চলেছেন সারফারাজ

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্রী পারফরমেন্সে যারা ছিটকে যাওয়ার পর স্পষ্ট হয়ে গিয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে দলে বড় পরিবর্তন আনা হবে। এমন পরিস্থিতিতে এবার জানা যাচ্ছে যে টেস্ট দলের নতুন হেডকোচ করা হতে পারে প্রাক্তন অধিনায়ক সারফারাজ আহমেদকে। মনে করা হচ্ছে যে সারফারাজ ট্র্যাক রেকর্ড ভালো বলেই তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়ার কথা ভাবছে পাকিস্তান। 

চলতি বছরের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথমটি হবে ৮ তারিখ এবং দ্বিতীয়টি ১৬ তারিখে। পাক সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে যে সেই সিরিজ থেকেই দলের দায়িত্ব নেওয়া শুরু করবেন প্রাক্তন অধিনায়ক। যদিও পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনো এই ব্যাপারে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। এই ব্যাপারে বলে রাখা ভালো যে পাকিস্তানের টেস্ট দলের হেডকোচের স্থান খালি রয়েছে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে।

এর আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে দেখা গিয়েছিল দলের অন্যতম প্রাক্তন তারকা আজহার মাহমুদকে। অন্তিমবারের জন্য তাঁকে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজে। কিন্তু এবার লম্বা সময়ের জন্য, টেস্ট দলকে মজবুত করতে, সারফারাজকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে। এর আগে যদিও তাঁকে দেখা গিয়েছিল বোর্ডের পরামর্শদাতা হিসেবে। এরপর তাঁকে উপদেষ্টার ভূমিকায় দেখা যায় এখন বিলুপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স কাপে। এছাড়া তাঁকে ডিরেক্টরের ভূমিকায় দেখা গিয়েছিল গত নভেম্বরে পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের।

প্রসঙ্গত, পাকিস্তান ধারাবাহিকভাবে ১১টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল সারফারাজ আহমেদের নেতৃত্বে। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে পাকিস্তান একবার নয়, দুবার নয়, পাঁচবার প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সারফারাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঝুলিতে তুলেছিল পাকিস্তান ভারতকে ফাইনালে পরাজিত করে। এবার দেখার বিষয় যে কোচ হয়ে তিনি দলকে ফের শক্তিশালী করে তুলতে পারেন কিনা। কি হবে পরিণতি, তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top