• Home
  • খেলা
  • ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হলেও থাকছে তিনটি শর্ত…. কী শর্ত পাকিস্তানের?

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হলেও থাকছে তিনটি শর্ত…. কী শর্ত পাকিস্তানের?

Image

নিউজ ডেস্ক: অবশেষে কি হতে চলেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) থেকে শাস্তি থেকে শুরু করে এই খেলার দুনিয়ায় একা হয়ে যাওয়া, যাবতীয় সব শাস্তির কথা মাথায় রেখে হুংকার বন্ধ করেছেন মহসিন নকভিরা। তবে এখানেই শেষ নয়, তাদের তরফ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। 

কাউন্সিলের প্রতিনিধি হয়ে চেয়ারম্যান জয় শাহের সহকারী ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি লাহোরে গিয়েছিলেন। বৈঠকে মহসিন নকভির সঙ্গে ছিলেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। ভিডিও কনফারেন্সে ছিলেন কাউন্সিলের সিইও সংযোগ গুপ্তাও। এনডিটিভি সূত্র মারফত জানা গিয়েছে যে পিসিবির তরফ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে আইসিসিকে – বিশ্বকাপ না খেললেও বাংলাদেশকে পার্টিসিপেশান ফি দিতে হবে, ভবিষ্যতে যাতে বাংলাদেশে আইসিসির কোনও বড় টুর্নামেন্ট হয় তা নিশ্চিত করা এবং লভ্যাংশ বাড়াতে হবে বাংলাদেশের। 

অন্যদিকে, অন্য এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটে যে শর্তগুলির কথা বলা হয়েছে, সেগুলি হল – শীঘ্রই বাড়াতে হবে পিসিবির লভ্যাংশ, ফের চালু করতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এবং করমর্দন করতে বাধ্য করাতে হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। যদিও এনডিটিভি সূত্র অনুযায়ী যেই তিনটি শর্তের কথা বলা হয়েছে, কাউন্সিলের তা মেনে নিতে কোনও আপত্তি নেই। কিন্তু অন্য তিনটির মধ্যে লভ্যাংশ ছাড়া বাকি দুটি মেনে নেওয়া চাপের। কারণ দ্বিপাক্ষিক সিরিজ ও করমর্দনের বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের উপর নির্ভর করছে। 

তবে পাকিস্তান যে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে পারে, সেটা অনেক আগেই বোঝা যাচ্ছিল। তাছাড়া তাদের ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্তাও ম্যাচ খেলা হোক চাইছেন। নকভি কথা বলবেন শাহাবাজ শরীফের সঙ্গেও। পাশাপাশি, বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান জিতলেও তাদের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আবার শ্রীলঙ্কা বোর্ডের চাপ। তারা নিরাপত্তা ও ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোন খামতি রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং পাকিস্তানও বুঝে গিয়েছে যে বয়কটের হুমকি তারা তুলেছিল, তা কাজে আসবে না। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত পাকিস্তান কি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top