• Home
  • খেলা
  • “নতুন আন্তর্জাতিক সংস্থার দরকার” আইসিসিকে হুমকি খোয়াজা আসিফের?

“নতুন আন্তর্জাতিক সংস্থার দরকার” আইসিসিকে হুমকি খোয়াজা আসিফের?

Image

নিউজ ডেস্ক: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে। গোটা ক্রিকেটবিশ্বের এখন নজর রয়েছে আইসিসি ও পিসিবি, দুজনের উপরই। এরই মাঝে বিস্ফোরক পোস্ট করে বসলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সমাজমাধ্যম থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নয়া আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তার কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় আসিফ লেখেন, “একটা নতুন আন্তর্জাতিক সংস্থার দরকার আছে ভদ্রলোকের খেলার স্পিরিটকে জীবিত রাখার জন্য।” শুধু তাই নয়, পোস্টে তিনি এটাও দাবি করেন যে ভারতের রাজনৈতিক স্বার্থের জন্য বন্দি হয়ে গেছে আইসিসি। তিনি লিখেছেন, “ভারতের রাজনৈতিক স্বার্থের জন্য তো আইসিসি দক্ষিণ এশিয়ায় বন্দি হয়ে গিয়েছে।” এই পোস্ট ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। ওয়াকিবহাল মহল মনে করছে যে আইসিসিকে একপ্রকার হুমকি দেওয়া হয়েছে। যদিও খোয়াজা আসিফ এই প্রথমবার বিস্ফোরক মন্তব্য করেননি। এর আগেও একাধিকবার করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই পাকিস্তানের তরফ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বিশ্বকাপ বয়কটের। যদিও শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে তারা ১৫ তারিখে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে পিসিবি তা সরকারিভাবে ঘোষণা করেনি। অন্যদিকে, আইসিসির তরফ থেকেও বিবৃতি দেওয়া হয় এবং নিজেদের অবস্থান তুলে ধরা হয়।

তবে ভারতের বিরুদ্ধে খেলতে না নামলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে পাক ক্রিকেট বোর্ডকে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাদের প্রাপ্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার (পাকিস্তানি মুদ্রায় ৯৮৪ কোটিরও বেশি) আটকে দেওয়া হতে পারে। শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে যদি সম্প্রচারকারী সংস্থা ক্ষতিপূরণ দাবি করে, তাহলে এই অর্থ পাক বোর্ডের প্রাপ্য টাকা থেকেই দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাদের আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। তবে এত সবকিছু সত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি পাকিস্তান। এবার দেখার বিষয় যে আগে কি হয়।

উল্লেখ্য, এর আগে ওডিআই ও ২০ ওভারের বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে অধিকাংশ ক্ষেত্রেই জয় নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। শুধু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পরাজিত করে ভারতকে ১০ উইকেটে। যদিও তারপর থেকে আইসিসির টুর্নামেন্টগুলিতে আর ভারতকে হারাতে পারেনি তারা। শেষবার দুই দলের মুখোমুখি হয়েছে এশিয়া কাপে এবং সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। ফাইনালে তাদের ভারত হারিয়েছিল ৫ উইকেটে। দলকে ফিনিশ লাইন পার করিয়েছিলেন তিলক বর্মা ও রিঙ্কু সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top