• Home
  • খেলা
  • দলের বিশ্রী পারফরমেন্স দেখে ম্যাচ চলাকালীন স্টেডিয়াম ছাড়েন নকভি

দলের বিশ্রী পারফরমেন্স দেখে ম্যাচ চলাকালীন স্টেডিয়াম ছাড়েন নকভি

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ পুরো না দেখেই স্টেডিয়াম ছাড়েন পিসিবি প্রধান মহসিন নকভি। যখন তিনি বুঝতে পারেন যে আর জয় সম্ভব নয় সালমান আলি আঘাদের এবং হার নিশ্চিত, তখন তিনি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। ম্যাচ চলাকালীন বেরিয়ে যেতে দেখা যায় তাঁর গাড়ি। এমনকি সেই ভিডিও ভাইরাল পর্যন্ত হয়েছে। 

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। কঠিন পিচে ব্যাট হাতে ভারত লড়াকু টোটাল তোলে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যে ক্রিকেট উঠে আসে, তা একেবারেই হতাশাজনক। রীতিমতো দুর্বল দেখায় তাদের ভারতের বোলিং আক্রমণের সামনে। বলা ভালো, পাক ব্যাটাররা মাথানত করতে বাধ্য হয়েছেন। কেউ লড়াই দিতে পারেননি উসমান খানকে বাদ দিয়ে।

যখন পাকিস্তানের সপ্তম উইকেট পড়ে যায়, তখন পিসিবি প্রধান মহসিন নকভি বেরিয়ে যান ভিআইপি বক্স থেকে। খানিকক্ষণ পরই তাঁর গাড়ি স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এই ম্যাচটি একটি ম্যাচের থেকে সম্মানের লড়াই বেশি ছিল। তার উপর পাকিস্তানের বয়কট ড্রামা বিষয়টি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল আর সেখানে দলের ক্রিকেটারদের এমন বিশ্রী পারফরম্যান্স তিনি সহ্য না করতে পেরে বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। এদিন ভিভিআইপি বক্সে ভারতীয় কর্তাদের থেকে দূরে বসেছিলেন নকভি। 

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৫। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২। পাকিস্তানের বোলারদের মধ্যে ৩টি উইকেট পান সাইম আইয়ুব এবং একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, সালমান আলি আঘা ও উসমান তারিক। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করেননি। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হার্দিক, বুমরাহ, অক্ষর ও বরুণ। এছাড়া একটি করে উইকেট পান কুলদীপ ও তিলক। ম্যাচের সেরা হন ঈশান কিষান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top