দেবজিৎ মুখার্জি: বিগ ব্যাশকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর লিগ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর দুদিনের মধ্যেই শুরু হবে টুর্নামেন্টের ১৯তম মরশুম, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে। সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। তবে কে এই সাফল্যের পেছনে? সম্প্রতি, এই প্রশ্ন উঠতেই এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে কটাক্ষ করলেন টুর্নামেন্টের প্রথম চেয়ারম্যান ললিত মোদি।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে ললিত মোদি লেখেন, “মনে হয় মেমোরি লস হয়েছে তাঁর। ভাবনা কার এই মডেলের, বেমালুম সেটা ভুলে গিয়েছেন। মনে হয় উনি নিজের জগতে আছেন। একটা ভাঁড় সঞ্জীব গোয়েঙ্কা। আসল ক্রিকেটপ্রেমী ওঁর ভাই হর্ষবর্ধন গোয়েঙ্কা। কিন্তু একটা কোথায় পুরো ইতিহাস বদলে দেবে, এই ভাঁড় মনে করছেন।”
এর আগে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছিলেন, “১৫ হাজার কোটিরও বেশি টাকায় বিক্রি হল ২০০৮ সালে প্রায় ২৭০ কোটিতে কেনা রাজস্থান। ১৬,৬০০ কোটিতে বিক্রি হয়েছে ৪৮৫ কোটির আরসিবি। বড় ব্র্যান্ডগুলি বিশ্বাস পেয়েছে যেভাবে ব্রডকাস্ট ও ডিজিটাল রাইটস সাজানো হয়েছে ও যেভাবে তৈরি হয়েছে প্রশাসনিক কাঠামো, তাতে। এখানে গুরুত্বপূর্ণ জয় শাহের ভাবনা। এর আসল কারণ ওনার দূরদর্শিতাই।”
প্রসঙ্গত, ২০০৩ সালের ডিসেম্বর মাসে ললিত মোদির তরফ থেকে শহরভিত্তিক টি-টোয়েন্টি লিগের ধারণা জনসম্মুখে আনা হয়। তবে তখন তিনি ক্রিকেট প্রশাসনের বাইরে ছিলেন। পরে তিনি ক্রিকেট প্রশাসনে ঢোকেন শরদ পাওয়ারের সমর্থনে এবং এগোতে থাকেন এই লিগ বাস্তবায়িত করার দিকে। এরপর চালু হয় ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যা চ্যালেঞ্জ ছুড়ে দেয় রীতিমতো ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এরপরই আইপিএল শুরু করার চিন্তাভাবনা করে বোর্ড। এরপর টুর্নামেন্টের আয়োজন করা হয় বিসিসিআই ও আইসিসি দুজনের সমর্থনেই। এই লিগ ঘোষণা করা হয় ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে।



By













