দেবজিৎ মুখার্জি: অবশেষে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সফল হলো নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেল তারা। বড় ব্যবধানে জিতে নিজেদের নামে করতে সফল হয়েছে কিউইরা। ৫০ রানে জিতেছে তারা। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-৩। এদিন ব্যাটে ও বলে, দুটোতেই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, টিম ইন্ডিয়া ব্যাট হাতে প্রথম থেকে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তবে শেষ দিকে লড়াই দিলেও তা কাজে আসেনি।
চতুর্থ ম্যাচটি খেলা হয় বিশাখাপত্তনামে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিন শুরুটা বেশ দারুন হয় নিউজিল্যান্ডের। দলের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম সাইফার্ট শতরানের পার্টনারশিপ গড়ে। তবে নবম ওভারের শুরুতে পার্টনারশিপ ভাঙ্গে। এরপর মাঝের ওভারগুলিতে উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড।
তবে শেষ পর্যন্ত ২০০ রানের গণ্ডি পেরতে সফল হয় তারা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাড়ায় ৭ উইকেটে ২১৫। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস আসে টিম সাইফার্টের ব্যাট থেকে। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন আর্শদিপ সিং ও কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নিজেদের নামে করেন বুমরাহ ও বিষ্ণই।
জবাবে রান তাড়া করতে নেমে বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। প্রথম বলেই আউট হয় প্যাভিলিয়নে ফিরে যান অভিষেক শর্মা। গত তিনটি ম্যাচের রান পেলেও এই ম্যাচের রান পাননি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট হাতে দাগ কাটতে পারেননি সঞ্জু স্যামসনও। হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংও তেমন প্রভাব ফেলতে পারেনি। একমাত্র শিবম দুবে ছাড়া কেউই তেমন আগ্রাসী ইনিংস তুলে ধরতে পারেননি। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ৬৫।
অবশেষে ১৯ ওভার শেষ হওয়ার আগে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এছাড়া দুটি করে উইকেট পান জেকব ডাফি ও ঈশ সোধি। একটি করে উইকেট নিজেদের নামে করেন ম্যাট হেনরি ও জ্যাকারি ফোক্স। ম্যাচের সেরা ঘোষণা করা হয় টিম সাইফার্টকে।



By














