নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল দিতে না পারায় সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন শ্রীলংকার হেডকোচ, তথা দলের প্রাক্তন তারকা, সনৎ জয়সূর্য। কী বক্তব্য তাঁর? পাকিস্তানের বিরুদ্ধে সুপার এইটে পরাজিত হওয়ার পর তিনি জানিয়ে দিলেন যে তিনি সরে যেতে চান সঠিক উত্তরসুরি পেলেই।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছিল শ্রীলংকার। আয়ারল্যান্ডকে পরাজিত করার পর তারা হারিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে। কিন্তু জিম্বাবয়ে ম্যাচ থেকে তাল কাটা শুরু করে। গ্রুপ পর্বে জিম্বাবয়ের হাতে পরাজিত হওয়ার পরও সুপার এইটে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেখানকার সবকটি ম্যাচেই পরাজিত হয় তারা। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় এসেও ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি।
ম্যাচের পর জয়সূর্য কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় এবার সময় হয়ে এসেছে দায়িত্বটা অন্য কারোর হাতে তুলে দেওয়ার। মাস দুয়েক আগে ইংল্যান্ড সিরিজ চলাকালীনই বলেছিলাম যে আমার এই পদে বেশিদিন থাকার আশা নেই। তখন ভেবেছিলাম যে দারুনভাবে বিদায় নিতে পারব বিশ্বকাপে ভালো ফল করতে পারলে। কিন্তু আর হলো না সেটা। খুব খারাপ লাগছে আমার।”
যদিও ইঙ্গিত দিলেও কবে সরে দাঁড়াবেন, তা এখনো নিশ্চিত নয়। চলতি মাসের ১৩ তারিখে সংযুক্ত আরব আমিরশাহীতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তাদের। তার আগে নয়া কোচ পাওয়ার সম্ভাবনা নেই শ্রীলংকার। সেখানেও হয়তো জয়সূর্যই সম্ভবত কোচ থাকবেন। তবে মিডিল ইস্টে যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আদৌ ওই সিরিজ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তবে আগামীদিনে সম্ভাবনা রয়েছে শ্রীলংকা ক্রিকেটের তরফ থেকে পুরো দলে বদল আনার। ক্যাপ্টেন্সি যাওয়ার সম্ভাবনা রয়েছে দাসুন শানাকার। এছাড়াও আরও একাধিক পরিবর্তন করতে পারে। শ্রীলংকা ক্রিকেট চায় তরুণ ক্রিকেটারদের সামনে তুলে আনতে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By













