নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ও পাকিস্তানের বিরুদ্ধে দাপট অব্যাহত সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। রবিবার কলম্বোতে তারা পাকিস্তানকে পরাজিত করল। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে ম্যাচ জিতল তারা। ৬১ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে ব্যাট হাতে ঈশান কিশান ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে বোলারদের বিধ্বংসী বোলিং। সবমিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে একটা ডমিনেটিং ভিকট্রি পেল ‘মেন ইন ব্লু’।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন না টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মা। এই ম্যাচেও তিনি খাতা খুলতে পারেননি। বিনা রান করেই আউট হয়ে যান। তবে জ্বলে ওঠেন ঈশান কিষান। পাকিস্তানের বোলিং বিভাগকে রীতিমতো হাবুডুবু খাওয়ান তিনি। তবে ৭৭ রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭৫।
ঈশান ছাড়া ব্যাট হাতে রান পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি করেন ৩২। এছাড়া শিবম দুবে করেন ২৭ এবং তিলক বর্মা ২৫। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাইম আইয়ুব। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন অধিনায়ক সালমান আলি আঘা, শাহীন আফ্রিদি ও উসমান তারিক।
জবাবে রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। দ্রুত দলের ৪ জন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। এরপর আপ্রাণ চেষ্টা করা হলেও ১১৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সেই রানেই অলআউট হয়ে যায় গোটা দল।
উসমান খানকে বাদ দিয়ে দলের কোন ব্যাটারই তেমন দাগ কাটতে সফল হননি। তিনি করেন ৪৪। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট পান কুলদীপ যাদব ও তিলক বর্মা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ঈশান কিষানকে।



By













