দেবজিৎ মুখার্জি: ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক বছর হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির। বর্তমানে তাঁর ৪৪ বছর বয়স। তবে এখনো খেলে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। আর কদিনের মধ্যেই শুরু হবে টুর্নামেন্ট, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে অন্য মাত্রায় চলে গিয়েছে। হাঁটুর চোটে দীর্ঘদিন ধরে ভুগছেন মাহি। সেক্ষেত্রে তাঁর আইপিএল ভবিষ্যৎ কি, তা নিয়ে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান।
কী বক্তব্য ইরফানের? তিনি মনে করেন যে এই বছরই মাহি শেষবারের মতো আইপিএল খেলবেন এবং শেষ করবেন সিএসকেকে জয় পাইয়ে দিয়ে। ব্রডকাস্টিং চ্যানেলে পীযূষ চাওলার সঙ্গে আলোচনায় প্রাক্তন তারকা অলরাউন্ডার দাবি করেন যে এবারই হয়তো শেষবারের মতো আইপিএল খেলবেন ধোনি। তাঁর বক্তব্য, “সিএসকে অসম্পূর্ণ ধোনিকে ছাড়া। হয়তো এবারই তাকে হলুদ জার্সিতে শেষবারের মতো দেখা যাবে। ধোনিকে ছাড়া ভাবাই কঠিন সিএসকে ও আইপিএল। ধোনির একটা বড় ভূমিকা রয়েছে সকলকে এক জায়গায় নিয়ে আসার ব্যাপারে।”
এর সঙ্গে দলে ধোনির গুরুত্ব কি, তাও বোঝান ইরফান। তিনি বলেন, “ও এবার কটা ম্যাচ খেলবে, তা আমার জানা নেই। কিন্তু ও থাকলে খুব সুবিধা হবে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়দের। অনেক প্রশ্ন আছে ওর ফিটনেস, ব্যাটিং পজিশন বা সমস্ত ম্যাচে ওকে দেখা যাবে কিনা, তা নিয়ে। সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাববে ম্যানেজমেন্ট। তারা চাইবে ধোনিকে বিদায় জানাতে আইপিএল জিতে।” এবার দেখার যে এটাই মাহির শেষ আইপিএল, নাকি এরপরও খেলা চালিয়ে যাবেন। কি হয়, সেটাই এখন দেখার।



By














