নিউজ ডেস্ক: আইরিশদের বিরুদ্ধে লজ্জার নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। ১ হাজার ৫০ দিন পর প্রথম কোনও টি-২০ সিরিজের পরাজয়ের মুখ দেখেছে ‘মেন ইন ব্লু’। যদিও এর মাঝে দুটি আইসিসি ট্রফি গিয়েছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন লজ্জাজনক পরাজয় মেনে নিতে পারেননি অনেকে। দুই ম্যাচের টি-২০ সিরিজে ২-০তে হেরেছে শ্রেয়াস আইয়াররা।
এই ম্যাচের পর দলের ক্রিকেটাররা যেমন সমালোচনার মুখে পড়েছেন, তেমনি এর শিকার হয়েছেন দলের হেড কোচ গৌতম গম্ভীরও। আইসল্যান্ড ক্রিকেটের তরফ থেকে একটি পোস্ট করে সমালোচনা করা হয় গৌতির। যদিও সেই পোস্টে তারা এটাও স্বীকার করেছে যে গম্ভীরের মধ্যে সেই দক্ষতা বা যোগ্যতা রয়েছে দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনার।
নিজেদের এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, “আমরা নিশ্চিত করছি যে, আমরা গৌতম গম্ভীরকে আমাদের কোচিং স্টাফে যুক্ত করতে আগ্রহী নই। যদিও, তার মধ্যে যে প্রতিভা আছে তা স্পষ্ট। ওই ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আয়ারল্যান্ডে ওইরকম ফলাফল এনে দেওয়ার জন্য সত্যিই অসাধারণ প্রতিভার প্রয়োজন।” শুধু তাই নয়, বৈভব সূর্যবংশীকে না খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে সমগ্র ক্রিকেটমহলে। অনেকেই মনে করছেন যে তাঁকে সুযোগ দেওয়া উচিত ছিল এই সিরিজে।
প্রসঙ্গত, রবিবার সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম, ম্যাচটি ছিল। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৪। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ১৫৩। মাত্র এক রানের ম্যাচ নিজেদের নামে করেন আইরিশরা। এবার ভারতের সামনে ইংল্যান্ড সিরিজ। সেক্ষেত্রে দেখার বিষয় যে এই ব্যর্থতা ভুলে তারা সেখানে সাফল্য আনতে পারে কিনা।



By











