নিউজ ডেস্ক: তীরে এসে তরী ডুবল দক্ষিণ আফ্রিকার। ‘রাউন্ড অফ ৩২’ থেকে বিদায় নিল তারা। একেবারে অন্তিম লগ্নে এসে গোল করে কানাডা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বল দখলও কানাডার চেয়ে তুলনামূলকভাবে বেশি ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগায় কানাডা এবং দাগ টানে দক্ষিণ আফ্রিকার চলতি বিশ্বকাপ অভিযানে। পাশাপশি পরবর্তী রাউন্ডের টিকিটও পাকা করে নেয় তারা। ম্যাচের ফলাফল ১-০।
ম্যাচটি খেলা হয় ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। প্রথমার্ধের প্রথম মিনিট থেকেই আক্রমণ চালু করে দক্ষিণ আফ্রিকা। তারা লাগাতার চেষ্টা করতে থাকে কানাডার রক্ষণভাগ ভেদ করে গোল করার। যদিও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি তারা। সমানভাবে আক্রমণ চালিয়ে যায় কানাডাও। তারাও লাগাতার পাসিং ফুটবল খেলে চেষ্টা করতে থাকে দক্ষিণ আফ্রিকার ডিফেন্স ভাঙার এবং গোল করে দলকে ম্যাচে লিড দেওয়ার। কিন্তু তারাও সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধেও একই ধাঁচের খেলা দেখায় দুই দল। একইভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। কিন্তু ফাইনাল হুইসেল বাজার কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেয় কানাডা। ৯০+২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইউস্তাকুইও। এরপর মরিয়া চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় দলের সকল ফুটবলারদের। অন্যদিকে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন কানাডার ফুটবলাররা। এই জয়ের পর দলের সমর্থকদের উন্মাদনাও ছিল একেবারে দেখার মতো। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত পরবর্তী রাউন্ডে কেমন পারফর্ম করে কানাডা।



By











