দেবজিৎ মুখার্জি, কলকাতা: জল্পনার অবসান! সোমবার রাজ্য বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কেন্দ্রিক বিল। জানা যাচ্ছে, এই বিল আনার ক্ষেত্রে একাধিক বাধা রয়েছে এবং সেই কারণেই এই ব্যাপারে কোনও তাড়াহুড়ো দেখাতে চাইছে না রাজ্য সরকার। প্রশাসন সূত্র মারফত খবর, রাজ্যের ক্ষেত্রে বিলের রূপরেখাকে ঘিরে একটি কমিটি তৈরি করা হতে পারে। মুখ্যমন্ত্রী কমিটি তৈরির বিষয়টি বিবৃতি দিয়ে ঘোষণা করবেন বলে খবর।
রাজ্যে পালাবদলের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল যে গেরুয়া শিবিরের তরফ থেকে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে কিনা। বিষয়টি নিয়ে যখন জোর আলোচনা চলছিল, তখন জানা যায় যে সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে এই সংক্রান্ত বিল। বিরোধীরাও তৈরি ছিল এর বিরোধিতা করতে।
এই আবহে সূত্র মারফত জানা গিয়েছে যে সোমবার বিধানসভায় এই বিল পেশ করা হচ্ছে না। বরং সরকারের তরফ থেকে একটি কমিটি তৈরি করা হতে চলেছে বিলের রূপরেখা ঠিক করতে। সূত্র মারফত খবর, এই কমিটি তৈরি হতে পারে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে এবং পরে এতে যুক্ত করা হবে বিরোধী থেকে শুরু করে নানা পেশার সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের। উত্তরাখণ্ডের সরকারও এই ব্যাপারে একই পথে হেটেছিল। সেখানেও কমিটির দায়িত্বে ছিলেন রঞ্জনাপ্রকাশ দেশাই।
সূত্র মারফত খবর, তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে রাজ্য সরকার এবং সোমবার আরও এক দফা আলোচনার পর চূড়ান্ত করা হবে কমিটির চেয়ারম্যানের নাম। সরকারি সূত্র মারফত খবর, এই বিল আনা নিয়ে একাধিক বাধা দেখা গিয়েছে এবং সেই কারণেই তাড়াহুড়ো করতে চাইছে না সরকার। সূত্রের দাবি, নানা মানুষের সাথে কথা বলে এবং তাঁদের মতামত নিয়েই এই বিল তৈরি করা হবে।



By










