নিউজ ডেস্ক: সম্প্রতি, ভারত সেমিফাইনালে যাবে না বলে দাবি করেছিলেন প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির। তবে সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। এরপরই আমিরকে ঘিরা শুরু হয়েছিল ট্রোল পর্ব। সেই রেশ কাটতে না কাটতে নতুন ভবিষ্যদ্বাণী করলেন তিনি। কী দাবি এবার প্রাক্তন পাক তারকার? এবার আমি দাবি করলেন যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাবে না সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হওয়ার আগে প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির দাবি করেছিলেন যে সেমিফাইনালে যাবে না টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বাকি দুটি ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। জিম্বাবয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পাকা করে নেয় গৌতম গম্ভীরের ছেলেরা। যদিও দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার জন্য সেই রাস্তা সোজা হয়ে গিয়েছিল দলের কাছে।
এরপরই আমিরকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ করা। নেটিজেনরা মজা ওড়াতে শুরু করেন প্রাক্তন পাক তারকার। বলা ভালো, এখনো করে চলেছেন। তবে এর মাঝেই নতুন ভবিষ্যদ্বাণী করে বসলেন আমির। এবার তাঁর বক্তব্য, ফাইনালে যেতে পারবে না ভারত। সেই দেশের বিশিষ্ট কৌতুকাভিনেতা তাবিশ হাশমির অনুষ্ঠান ‘হার না মানা হ্যা’তে আমির বলেন, “ভালো ক্রিকেট খেলছে না টিম ইন্ডিয়া। তাই ওরা যেতে পারবে না ফাইনালে।”
প্রাক্তন পাক তারকা আগের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়া সত্ত্বেও তিনি বলেন, “একদম সঠিক ছিল আমার সেমিফাইনালের হিসাব। কিন্তু ভালো ক্রিকেট খেলে গেল সঞ্জু স্যামসন।” তাঁর সংযোজন, “তাও আমি বলব যে দলের কোনও বোলার ফর্মে নেই বুমরাহ ছাড়া। ওদের ব্যাটিং দেখুন, ধসে পড়ছে আচমকা। কঠিন লড়াই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। তবে আমি নিশ্চিত ওরা ফাইনাল খেলবে না।” তবে ভারতের ক্রিকেটপ্রেমীরা যে আমিরের এবারের ভবিষ্যদ্বাণীও ভুল প্রমাণিত হওয়ার অপেক্ষা করছেন, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By














