• Home
  • খেলা
  • “শিখেছি কীভাবে চাপের পরিস্থিতিতে খেলতে হয়”: বৈভব সূর্যবংশী

“শিখেছি কীভাবে চাপের পরিস্থিতিতে খেলতে হয়”: বৈভব সূর্যবংশী

Image

দেবজিৎ মুখার্জি: “চাপের পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় আমি শিখেছি” আইপিএল ২০২৬ থেকে কী শিক্ষা নিয়েছেন, তা পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে তুলে ধরলেন বিস্ময় বালক, তথা রাজস্থান রয়েলসের অন্যতম তরুণ তারকা, বৈভব সূর্যবংশী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলার ধরন পাল্টাতে হয়, তা তিনি শিখেছেন। পাশাপাশি এও স্বীকার করেন যে একই মানসিকতা নিয়ে প্রত্যেক ম্যাচ খেলা যায় না।

রবিবার, ৩১ মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২৬এর ফাইনাল ম্যাচ। নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামে গুজরাট ও বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরুর দাপুটে বোলিংয়ের সামনে টিকতে পারেননি শুভমান গিলরা। বল হাতে তাঁদের তরফ থেকে চেষ্টা করা হলেও ঘুরে দাঁড়াতে সফল হননি। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করেন বিরাট-রজতরা।

ম্যাচ শেষে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে বৈভব সূর্যবংশীকে মরশুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ঘোষণা করা হয়। সেখানে এই পুরস্কার পাওয়া নিয়ে খুশিপ্রকাশ করার পাশাপাশি এবারের আইপিএল থেকে কী শিক্ষা নিলেন, তা জানান। বৈভব বলেন, “এই মরশুমে আমি শিখেছি কীভাবে চাপের পরিস্থিতিতে খেলতে হয় এবং নিজের খেলার ধরন বদলাতে হয় পরিস্থিতি অনুযায়ী।” তাঁর সংযোজন, “আপনি একই মানসিকতা নিয়ে খেলতে পারবেন না প্রত্যেকটি ম্যাচ। পরিস্থিতি বুঝতে হবে আপনাকে এবং খেলতে হবে দলের প্রয়োজন অনুযায়ী। অনেককিছু শিখেছি আমি এই বিষয়ে, এমনকি প্লে অফের ম্যাচগুলি থেকেও।” 

প্রসঙ্গত, এবারের আইপিএলে বৈভবের মোট সংগ্রহ ১৬ ম্যাচে ৭৭৬। একাধিক নজরকাড়া ইনিংস তিনি উপহার দিয়েছেন দর্শকদের। মোট ৭২টি ছক্কা হাঁকিয়েছেন এবং স্ট্রাইক রেট ২০০র বেশি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ৮ থেকে ৮০ সকলেই। বহু প্রাক্তন তারকা মনে করছেন যে তিনি শীঘ্রই সিনিয়র দলে সুযোগ পাবেন। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সিনিয়র দলে খেলতে দেখা যায় বৈভবকে। কবে হবে তাঁর সেই স্বপ্নপূরণ? তা বলবে সময়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top