দেবজিৎ মুখার্জি: “আরও সাহসী হতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। গতকাল জিম্বাবয়ের বিরুদ্ধে ‘সুপার এইট’এর ‘ডু অর ডাই’ ম্যাচ জিতে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে তিনি এমনটাই জানালেন। তিনি পরিষ্কার করে দিলেন যে এমন পরিস্থিতিতে ইতিবাচক পথে হাঁটা ছাড়া কোনও উপায় নেই এবং কলকাতায় পৌঁছে ম্যাচ নিয়ে ভাববেন।
সূর্যকুমার যাদব বলেন, “আমার মনে হয় যখন আমরা এমন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের আরও সাহসী হতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সেই ইতিবাচক পথে হাঁটা ছাড়া কোনও উপায় নেই।” ম্যাচ সংক্রান্ত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমরা কলকাতায় পৌঁছাব, তখন আমরা অবশ্যই বসে সেই ম্যাচের কথা ভাববো। তবে এখন, আগামীকাল ছুটি, ট্র্যাভেল এবং বিশ্রাম।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজার তরফ থেকে। তবে নেমেই আগ্রাসী রূপ ধারণ করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। প্রথমে ২৪ রানে আউট হন সঞ্জু। এরপর ঈশান প্যাভিলিয়নে ফেরেন ৩৮ রান করে। অভিষেক শর্মা এই ম্যাচে অর্ধশতরান করেন। ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনি আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩৩। তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৪৪ ও ৫০ রানে। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটের ২৫৬।
জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটের ১৮৪। সর্বোচ্চ ৯৭ রান করে অপরাজিত থাকেন ব্রায়ান বেনেট। এছাড়া ৩১ রানের ইনিংস আসে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে। তবে ব্যাট হাতে দুজনকে বাদ দিয়ে বাকি কেউ তেমন দাগ কাটতে সফল হননি। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন দলের তরুণ তারকা পেসার আর্শদিপ সিং। এছাড়া একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে।



By














