• Home
  • খেলা
  • পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে বলতে গিয়েও থেমে যান গম্ভীর

পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে বলতে গিয়েও থেমে যান গম্ভীর

Image

দেবজিৎ মুখার্জি: গত কয়েকদিন ধরে ক্রিকেট মহলের জোর আলোচনা চলছে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা নিয়ে। যদিও পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। বহু প্রাক্তনী এই বিষয় নিজেদের মতামত জানিয়েছেন। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে। তার মধ্যে, শাস্তির ইঙ্গিতও দেওয়া হয়েছে।

এবার এই প্রশ্ন করা হলো টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ, তথা প্রাক্তন তারকা, গৌতম গম্ভীরকে। কী বললেন তিনি? ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মৌনব্রতের পথে হাঁটলেন। সাংবাদিকরা একাধিকবার তাঁকে প্রশ্ন করেন পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে। কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তর দেননি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ তারিখে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার আগে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। দিল্লি থেকে মুম্বাই গেছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। বিমানবন্দরে শুভেচ্ছা জানানো হয় তাঁকে এবং তিনিও ধন্যবাদ জানান। এরপরই ওঠে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের প্রশ্ন। প্রথমে তিনি কিছু একটা বলতে যান, কিন্তু শেষ পর্যন্ত থেমে যান। বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি এড়িয়ে যান।

যেহেতু পাকিস্তানের তরফ থেকে সরকারিভাবে আইসিসিকে কিছু জানানো হয়নি, তাই বিসিসিআইও এই ব্যাপারে সরকারিভাবে কিছু বলেনি। তবে বোর্ড কর্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে আইসিসি যে সিদ্ধান্ত নেবে, সেই পথেই হাঁটবে তারা। তাই মনে করা হচ্ছে যে গম্ভীর যদি কোন বক্তব্য রাখেন এই ব্যাপারে, তাহলে বিতর্ক সৃষ্টি হতে পারে এবং সেই কারণেই হয়তো তিনি এড়িয়ে গেছেন। এবার দেখার বিষয় যে ১৫ তারিখ শেষ পর্যন্ত কি হয়। এই পর্বের জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রয়েছে সকল ক্রিকেটপ্রেমীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top