দেবজিৎ মুখার্জি: ইতিহাস গড়লো ইতালি। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল তারা। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় এটি তাদের প্রথম জয়। বৃহস্পতিবার তারা পরাজিত করল নেপালকে। তবে শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ব্যাটিং থেকে শুরু করে বোলিং, দুই বিভাগেই আজ তারা দশে দশ। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন নেপালকে রীতিমতো দুর্বল দেখায় তাদের সামনে। এক কথায় বলতে গেলে, মাথানত করতে বাধ্য হয় তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের স্ট্যান্ড-ইন অধিনায়ক হ্যারি ম্যানেন্টি এই ঐতিহাসিক জয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। খুশিপ্রকাশ করার পাশাপাশি দেশবাসীদের আনন্দ নিয়েও কথা বলেন তিনি। হ্যারি ম্যানেন্টি দাবি করেন যে ইতালির নাগরিক থেকে শুরু করে দলের ক্রিকেটাররা, সকলেই এই দিনটির স্বপ্ন দেখেছিলেন। পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে আজ তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা কি করে দেখাতে পারে।
হ্যারি ম্যানেন্টি বলেন, “অসাধারণ লাগছে। এই দিনটার ইতালির বহু মানুষ ও দলের ক্রিকেটার স্বপ্ন দেখেছিলেন।” এর সঙ্গে যোগ্যতা অর্জনের বিষয়টিও তুলে ধরেন হ্যারি। তিনি বলেন, “আমরা যখন বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিলাম, সেটা আমাদের কাছে একটা বিশেষ মুহূর্ত ছিল। তবে আমাদের লক্ষ্য ছিল এই জাতীয় প্রতিযোগিতা ও টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা। আজ আমরা দেখিয়ে দিয়েছি।” গত ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ আমরা ব্যাক করেছিলাম এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কি আছে।”
প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নেপাল নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার তিন বল আগে ১২৩ রানে অলআউট হয়ে যায়। ইতালির বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কৃষাণ কালুগামাগে। জবাবে রান তাড়া করতে নেমে ১১ ওভার শেষ হওয়ার আগে বিনা উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইতালি। দুই মস্কা ভাই অর্ধশতরানের গন্ডি পার করেন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কৃষাণ কালুগামাগেকে।



By














