• Home
  • খেলা
  • শ্রীলংকার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

শ্রীলংকার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব জয় দিয়ে শুরু করলো ইংল্যান্ড। শ্রীলংকার মাঠে তারা শ্রীলংকাকে পরাজিত করল বড় ব্যবধানে। ৫১ রানে জিতে সুপার এইট পর্বে খাতা খুলল তারা। সৌজন্যে ব্যাট হাতে ফিল সল্টের আগ্রাসী ব্যাটিং এবং বল হাতে উইল জ্যাক্সের দুর্দান্ত বোলিং। অন্যদিকে, বল হাতে দাগ কাটতে পারলেও ব্যাট হাতে রীতিমতো দুর্বল দেখায় শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে তাদের ব্যাটিং অর্ডারকে বেশ নড়বড়ে দেখায়। বলা ভালো, বেশ হাবুডুবু খেতে দেখা যাচ্ছিল তাদের। সবমিলিয়ে, শ্রীলঙ্কাকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ড এবং দাপুটে জয় দিয়ে শুরু করেছে নিজেদের সুপার এইট পর্ব।

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। ১০ ওভারের মধ্যে ৪টি উইকেট হারায় তারা। তবে একদিক থেকে উইকেট পড়তে থাকলেও অন্যদিক থেকে চালিয়ে ফেলে যাচ্ছিলেন ফিল সল্ট। তবে ৬২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর নির্ধারিত ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪৬। শ্রীলংকার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন ওয়েলালাগে, দুটি করে উইকেট পান থিকশানা ও মধূশঙ্কা এবং একটি উইকেট পান চামিরা।

জবাবে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় শ্রীলংকার ব্যাটিং অর্ডার। ১৭ ওভার শেষ হওয়ার আগে ৯৫ রানে অলআউট হয়ে যায় গোটা দল। এদিন ব্যাট হাতে সকলেই ব্যর্থ। কেউই লড়াই দিতে পারেননি। অন্যদিকে ইংল্যান্ডের বোলাররা রীতিমতো দাপট দেখায়। সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন উইল জ্যাক্স। এছাড়া দুটি করে উইকেট পান আর্চার, ডসন ও রাশিদ। একটি উইকেট নিজের নামে করেন জ্যামি ওভার্টন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় উইল জ্যাক্সকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top