দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত তাদের বাদ দেওয়া হয়নি। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তাদের তিনটি ম্যাচ খেলার কথা ছিল। সুতরাং প্রশ্ন উঠছে যে সেক্ষেত্রে কি তাহলে সেখানে অন্য ম্যাচ দেওয়া হবে? পুরো বিষয়টি এখনো অন্ধকারের মধ্যে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার সেখানে এসে সবটা ঘুরে দেখেন আইসিসির প্রতিনিধিরা।
জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা কর্পোরেট বক্স, দর্শকাসন থেকে শুরু করে যাবতীয় সবকিছু ঘুরে দেখেছে। এখানেই শেষ নয়, যেভাবে ইডেনে প্রস্তুতি চলছে টুর্নামেন্টের ম্যাচগুলির জন্য, তাতে কর্তারা সন্তুষ্টও। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে ইডেনে বিশ্বকাপের আয়োজন বেশ সফল হবে। পাশাপাশি, সিএবিও দারুন আয়োজন নিয়ে আশাবাদী। বলে রাখা ভালো, টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।
এক্ষেত্রেও প্রশ্ন উঠছে যে তাহলে ইডেন কটা ম্যাচ পাবে বিশ্বকাপের বা সূচিতে কোনও বদল হবে কিনা বাংলাদেশ বয়কট করায়? যদি শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ না খেলে, তাহলে স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তারা ইডেনে তিনটি ম্যাচ খেলবে। এছাড়া সুপার এইটের ও সেমিফাইনালের একটি ম্যাচ খেলা হবে সেখানে। গ্রুপ পর্ব ও অন্যান্য ম্যাচগুলি মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে।
প্রসঙ্গত, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু আলোচনার পর আইসিসির তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলি অন্য কোথাও খেলানো যাবে না এবং তাদের গ্রুপ পাল্টানোও যাবে না। অবশেষে বিসিবি সিদ্ধান্ত নেয় যে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। যদিও বিসিবি দাবি করেছে যে এই টুর্নামেন্ট খেলার জন্য তারা চেষ্টা করে যাবে।



By














