• Home
  • খেলা
  • “কিংবদন্তি হলেও বিশ্বকাপে জিততে পারেননি” প্রাক্তনীদের সমালোচনার পাল্টা দিলেন শাদাব

“কিংবদন্তি হলেও বিশ্বকাপে জিততে পারেননি” প্রাক্তনীদের সমালোচনার পাল্টা দিলেন শাদাব

Image

নিউজ ডেস্ক: “কিংবদন্তি হতে পারেন ওনারা, কিন্তু উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি বিশ্বকাপে” দেশের প্রাক্তনীদের সমালোচনার পাল্টা দিলেন পাক তারকা শাদাব খান। কী বললেন তিনি? তারকা ক্রিকেটারের বক্তব্য, তারা ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করেছে, যা প্রাক্তনীরা করে দেখাতে পারেননি। এরপরই তিনি পরিষ্কার করে দেন যে কিংবদন্তি হওয়া সত্ত্বেও প্রাক্তন ক্রিকেটাররা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি বিশ্বকাপে।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্রী পারফরমেন্সের পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বিশেষ করে শাহিদ আফ্রিদি নিজের জামাই শাহীনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। শুধু শাহীন নন, বাবর ও শাদাবকে খেলানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই কথা মহাম্মদ ইউসুফেরও। দুই প্রাক্তন ক্রিকেটারই দাবি করেছিলেন যে সিনিয়ররা লাগাতার ব্যর্থ হলে, তরুণদের খেলানো উচিত। 

বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি পাক তারকা শাদাব খান। নামিবিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে নিজের অবস্থান জানান পাক তারকা। শাদাব বলেন, “নিজস্ব মতামত আছে আমাদের প্রাক্তন ক্রিকেটারদের। অনেক কিছু করেছেন তাঁরা দেশের জন্য। কিন্তু ভারতের বিরুদ্ধে কখনো তাঁরা বিশ্বকাপে জিততে পারেননি।” এর সঙ্গে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের প্রসঙ্গ টেনে আনেন শাদাব। তিনি বলেন, “আমরা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছি। ওটাই আমাদের একটা জয় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিংবদন্তি হতে পারেন ওনারা, কিন্তু উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি বিশ্বকাপে।”

উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান। বল হাতে দলের টপ অর্ডারকে তছনছ করে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। অন্যদিকে, রান তাড়া করতে নেমে ব্যাট হাতে কামাল দেখান বাবর আজম ও মহাম্মদ রিজওয়ান। সেটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র জয় পাকিস্তানের ভারতের বিরুদ্ধে। এর আগে একাধিকবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে অধিকাংশবারই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top