• Home
  • খেলা
  • নিয়মরক্ষার ম্যাচে সম্মানরক্ষা নেপালের, বড় জয় স্কটল্যান্ডের বিরুদ্ধে

নিয়মরক্ষার ম্যাচে সম্মানরক্ষা নেপালের, বড় জয় স্কটল্যান্ডের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি: নিয়মরক্ষার ম্যাচে সম্মানরক্ষা হলো নেপালের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল তারা প্রথম তিনটি ম্যাচে পরাজিত হয়। মঙ্গলবার ছিল তাদের অন্তিম ও নিয়মরক্ষার ম্যাচ গ্রুপ পর্বের। সেটাতে জিতল তারা। তাদের হাতে পরাজিত হয়েছে স্কটল্যান্ড। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে নেপাল। সৌজন্যে বল হাতে সোম্পল কামি ও নন্দন যাদবের বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে দীপেন্দ্র সিং আইরির আগ্রাসী ইনিংস। স্কটল্যান্ডের তরফ থেকে এদিন লড়াই দেওয়া হলেও তা কাজে আসেনি।

মঙ্গলবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেট ১৭০ রানে। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে। এছাড়া ২৭ ও ২৫ রানের ইনিংস খেলেন জর্জ মানসে ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। নেপালের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন সোম্পল কামি। এছাড়া দুটি উইকেট পান নন্দন যাদব এবং একটি করে উইকেট নিজেদের নামে করেন অধিনায়ক রোহিত পৌডেল ও কুশল ভূর্তেল।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। এদিন নেপালের ওপেনিং জুটি দারুণ শুরু করলেও মাঝে তিনটি উইকেট দ্রুত পড়ে যায়। অবশেষে দীপেন্দ্র সিং আইরি ও গুলশান ঝা মিলে দলকে ফিনিশ লাইন পার করান। দীপেন্দ্র অপরাজিত থাকেন ৫০ রানে এবং গুলশান ঝা ২৪ রানে। 

এছাড়া ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন কুশল ভূর্তেল। উইকেটরক্ষক ব্যাটার আসিফ শেখ করেন ৩৩। অধিনায়ক রোহিত পৌডেল প্যাভিলিয়নে ফিরে যান ১৬ রানে। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিজের ঝুলিতে তোলেন মাইকেল লিস্ক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দীপেন্দ্র সিং আইরিকে। সব মিলিয়ে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পায় নেপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top