• Home
  • খেলা
  • টপ অর্ডারের ভুয়সী প্রশংসা মার্করামের

টপ অর্ডারের ভুয়সী প্রশংসা মার্করামের

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত পৌঁছে গিয়েছে এডেন মার্করাম নেতৃত্বাধীন দক্ষিন আফ্রিকা। বৃহস্পতিবার তারা পরাজিত করলো ওয়েস্ট ইন্ডিজকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৯ উইকেটে ম্যাচ জিতেছে তারা। পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে দলের অধিনায়ক এডেন মার্করাম ভুয়সী প্রশংসা করেছেন টপ অর্ডারের। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, তিনি কুইন্টন ডিককের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছেন এবং তিন নম্বরে নিজের জায়গা পাকা করে নিয়েছেন রায়ান রিকেল্টন।

মার্করাম বলেন, “আমি কুইনির (কুইন্টন ডিকক) সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি এবং রিক (রায়ান রিকেল্টন) তিন নম্বর নিজের ঘর বানিয়ে ফেলেছে, যা দেখতে ভালো লাগছে এবং দলের জন্য একটা বড় প্লাসপয়েন্ট।” প্রসঙ্গত, এদিন টপ অর্ডার দুর্দান্ত পারফর্ম করেছে। মার্করাম, ডিকক ও রিকেল্টন, তিনজনেই এদিন ব্যাট হাতে রান পেয়েছেন। তাঁদের ইনিংসের উপর ভর করে বড় জয় পেয়েছে দক্ষিণ  আফ্রিকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক উইকেট পড়তে শুরু করে তাদের। ৯ ওভারের মধ্যেই ৬টি উইকেট হারিয়ে ফেলে তারা। ১০ ওভার পেরানোর পরই সপ্তম উইকেট পড়ে যায় উইন্ডিজদের। এরপর এক দুর্দান্ত পার্টনারশিপ গড়েন জেসন হোল্ডার ও রোমারিও শেপার্ড। হোল্ডার আউট হন ৪৯ রানে এবং শেপার্ড অপরাজিত থাকেন ৫২ রানে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান এনগিডি এবং দুটি করে পান রাবাডা ও বশ।

জবাবে রান তাড়া করতে নেমে ১৭ ওভারের শুরুতেই এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮২ রানে অপরাজিত থাকেন দলের অধিনায়ক এডেন মার্করাম। এছাড়া ডিকক আউট হন ৪৭ রানে এবং রিকেল্টন অপরাজিত থাকেন ৪৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সেই একমাত্র উইকেটটি পান রস্টন চেজ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top